অলি বা আশরাফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিএনপি-স্থায়ী কমিটি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বিক্ষুব্ধ সদস্য কর্ণেল (অব.) ড. অলি আহমদ আপাতত: দলেই থাকছেন। দলের শীর্ষস্থানীয় নীতিনির্ধারণী কমিটি অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়নি।
ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ)- দীর্ঘ চার বছর পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
স্থায়ী কমিটির সদস্য হলেও দেশের বাইরে অবস্থানরত কর্ণেল অলি আহমদ (অব.) এবং অসুস্থ চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন। এছাড়া কমিটির বর্তমান ১২ সদস্যের মধ্যে ১০ জনই উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ১৫টি সদস্যপদ বিশিষ্ট হলেও তিনটি পদ দীর্ঘদিন ধরেই শুণ্য।
সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি, দলীয় ইশতেহার ও সম্ভাব্য প্রতিশ্র“তি, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির চারদলীয় জোটে যোগদান, তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের অবস্থান এবং বিরোধী দলের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘসময় ধরে আলোচনা হয় বলে জানা গেছে।
সভা সূত্রে জানা গেছে, এতে স্থায়ী কমিটির বিক্ষুব্ধ সদস্য প্রবীণ নেতা কর্ণেল অলির সাম্প্রতিক বক্তব্য ও বিবৃতি এবং সভা-সমাবেশ করা নিয়ে আলোচনা করা হয়। তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি।
এছাড়াও সম্প্রতি সংসদের হুইপ ও দলের যুগ্ম-মহাসচিব আশরাফ হোসেনের সাম্প্রতিক বক্তব্য ও সাক্ষাতকারের বিষয়টিও সভায় আলোচনা করা হয়। তবে তার ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি।
সভা শেষে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া সাংবাদিকদের জানান, ‘কর্ণেল (অব.) অলির নামে বিভিন্ন সংবাদপত্রে যেসব বক্তব্য বা সংবাদ প্রকাশ হয়েছে, এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। এ সংবাদগুলো যাচাই করে দেখা হচ্ছে। আর অলি আহমদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি ফিরে এলে তার সাথে এ ব্যাপারে আলোচনা করা হবে’।
তিনি জানান, বৈঠকে আগামী ২৬ আগস্ট দলের জাতীয় নির্বাহী কমিটির সভার প্রস্তুতির বিষয়েও আলোচনা করা হয়েছে।
সংস্কার প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাথে টেলিফোন সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি নিজেও এ সংবাদে বিস্মিত হয়েছি।
সংস্কার প্রস্তাব প্রসঙ্গে মান্নান ভুঁইয়া বলেন, সংস্কার আমরা করবো না, করবে নির্বাচন কমিশন। তবে আলোচনার মাধ্যমেই এ ব্যাপারে একটি সমাধানে পৌঁছাতে হবে। তবে আলোচনার জন্য বিরোধী দলের পক্ষ থেকেই প্রস্তাব আসতে হবে।
