চট্টগ্রাম বিভাগে শুরু হওয়া আন্দোলনের মাধ্যমেই জোট সরকারের পতন ঘটানো হবে : মেয়র মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম বিভাগ থেকে শুরু হলো জোট সরকারের পতন আন্দোলন। অতীতেও চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু করে এরশাদ ও খালেদা জিয়ার সরকারের পতন ঘটানো হয়েছে।
সকালে ১৪ দলের চট্টগ্রাম বিভাগীয় লংমার্চ চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে অনুষ্ঠিত পথসভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।
মেয়র আরো বলেন, আমরা আর হরতাল করতে রাজি নই। এবার চট্টগ্রাম বিভাগের সব সড়ক অবরোধ করে রাখা হবে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। শিগগির এ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
মেয়র তার বক্তব্যে নির্বাচন কমিশনের সংস্কারসহ সবার কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের দাবি জানান।
তিনি দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।
এ সময় মেয়র মহিউদ্দিন ১৪ দলের ২৩ দফা কর্মসূচি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মেয়র বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা জীবন দিতে প্রস্তুত। তবু এবার ভোট কারচুপি করতে দেওয়া হবে না।
লংমার্চের পথসভাগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড মোহাম্মদ শামছুুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
বৃষ্টি উপেক্ষা করে ১৪ দলের শত শত কর্মী - সমর্থক লংমার্চকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান।
