২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম সংসদের শেষ অধিবেশনে বিরোধী দল থাকছে!

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র আবার প্রবর্তিত হওয়ার পর থেকে এই প্রথম জাতীয় সংসদের শেষ অধিবেশনে প্রধান বিরোধী দল উপস্থিত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 10:32 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

আওয়ামী লীগ এখন পর্যন্ত সংসদ বর্জন বা বয়কটের কোনো ঘোষণা দেয়নি বলে ধারণা করা হচ্ছে  ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে বিরোধী দলটি উপস্থিত থাকবে। বিশ্লেষকদের মতে, এ অধিবেশন দিয়েই শেষ হবে অষ্টম জাতীয় সংসদের কার্যক্রম।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে, এ অধিবেশনেই শেষ হচ্ছে অষ্টম জাতীয় সংসদ।

এর আগে সপ্তম ও পঞ্চম সংসদের শেষ অধিবেশনের অনেক আগেই বিরোধীদলীয় সাংসদরা সংসদ বয়কট শুরু করেন এবং আর সংসদে ফিরে যাননি।

দলীয় সূত্রে জানা গেছে, অধিবেশন বর্জন বা সংসদ থেকে পদত্যাগের বিষয়ে দলীয় নেতৃত্ব এখন আর ভাবছেন না।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন বিশ্লেষক দেখিয়েছেন, অষ্টম জাতীয় সংসদের মেয়াদ ২৮ অক্টোবর শেষ হচ্ছে। ১০ সেপ্টেম্বর ২৩তম অধিবেশন শুরু হলে তা শেষ হতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ লেগে যেতে পারে। এখনও ১০টি পুরনো বিল অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্ততঃ একটি নতুন বিল আগামী অধিবেশনে উত্থাপিত হবে। ২৩তম অধিবেশন শেষ হওয়ার পরই সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে রমজান মাস শুরু হবে। ঈদ-উল-ফিতর হবে ২৫ অক্টোবর (চাঁদ দেখা গেলে)। আর ঈদের পরপরই সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে। রজমান মাসের মধ্যে আবার আরেকটি অধিবেশন আহ্বান প্রায় অসম্ভব।

তবে ক্ষমতাসীন জোট ও প্রধান বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার সম্পর্কে সংবিধান সংশোধন বিল পাস করতে চাইলে রাষ্ট্রপতি সংসদের জরুরি অধিবেশন আহ্বান করতে পারেন ।

স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার এ প্রতিবেদককে বলেছেন, ১২ সেপ্টেম্বরের মধ্যে একটি অধিবেশন অনুষ্ঠান করা সাংবিধানিক বাধ্যবাধকতা। এর পরে আর কোনো অধিবেশন অনুষ্ঠিত হবে কিনা এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ২৩তম অধিবেশনের পর রমজান মাস শুরু হবে। ঈদের পর সংসদের মেয়াদ শেষ হবে ২৮ অক্টোবর।

ক্ষমতাসীন বিএনপি দলীয় হুইপ রেজাউল বারী ডিনা বলেছেন, গত দুটি সংসদের শেষ অধিবেশনে অনুপস্থিত থাকলেও বর্তমান অষ্টম সংসদের শেষ অধিবেশনে বিরোধী দলের উপস্থিত নিশ্চিত করা গেলে প্রমাণিত হবে যে সংসদীয় গণতন্ত্র পূর্ণতার দিকে যাচ্ছে।

বিএনপির নেতৃত্বাধনি পঞ্চম সংসদ ১৯৯১ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে। এই সংসদে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হয়। সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্তির আগেই ১৫ নভেম্বর ১৯৯৫ সংসদের শেষ অর্থাৎ ২২তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের অনেক আগেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদ বয়কট শুরু করে এবং তারা আর সংসদে ফিরে যাননি। শেষ অধিবেশনে মাত্র তিনটি কার্যদিবস ছিল। ওই সংসদের সর্বশেষ কার্যদিবস ছিল ১৮ নভেম্বর ১৯৯৫।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সপ্তম সংসদ যাত্রা শুরু করে ১৯৯৬ সালের ১৪ জুলাই। এই সংসদ ২৩টি অধিবেশনে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে। ২৩তম অধিবেশন শুরু হয় ২০০১ সালের ৬ জুন এবং ২৫ কার্যদিবসের পর তা ১৩ জুলাই শেষ হয়। শেষ এই অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের সাংসদরা অনুপস্থিত ছিলেন। বিরোধীদলীয় সাংসদরা শেষ অধিবেশনের অনেক আগে থেকেই সংসদ বয়কট শুরু করেন এবং তারা আর সংসদে ফিরে যাননি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে ২০০৪ সালের ১২ জুলাই  উত্থাপিত ‘ ব্যাংক কোম্পানি সংশোধন বিল, ২০০৪’,  ২০০৪ সালের ৩১ অক্টোবর উত্থাপিত ‘দি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অর্গানাইজেশন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০০৪’, ২০০৬ সালের ২৬ ফেব্র“য়ারি উত্থাপিত ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল ২০০৬’ , ২০০৬ সালের ২ মে উত্থাপিত ‘দি পাবলিক সারভেন্টস ডিসমিসাল অন কনভিকশন অ্যামেন্ডমেন্ট বিল ২০০৬’, ২০০৬ সালের ২ মে উত্থাপিত ‘আদালত অবমাননা বিল ২০০৬’ ২০০৬ সালের ৫ জুলাই উত্থাপিত ‘বাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিল ২০০৬’,  ২০০৬ সালের ৯ জুলাই উত্থাপিত ‘স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড  টেন্যেসি অ্যামেন্ডমেন্ট  বিল ২০০৬’, ২০০৬ সালের ৯ জুলাই উত্থাপিত ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল ’, ২০০৬ সালের ১২ জুলাই উত্থাপিত ‘ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা বিল ২০০৬’ এবং ২০০৬ সালের ১২ জুলাই উত্থাপিত ‘বাংলাদেশ শিপিং করপোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০০৬’ সংসদে অনুমোদনের  অপেক্ষায় রয়েছে। এই বিলগুলোর মধ্যে ‘দি পাবলিক সার্ভেন্টস ডিসমিসাল অন কনভিকশন বিল ২০০৬’ সম্পর্কে সংশ্লিষ্ট স্থায়ী কমিটি চূড়ান্ত রিপোর্ট দিয়েছে । বাকি বিলগুলোর স্থায়ী কমিটিগুলো ওপর এখনো চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে পারেনি ।

সংসদের আগামী অধিবেশনে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিল ২০০৬’ উত্থাপিত হবে বলে সূত্র জানিয়েছে। আর কোনো নতুন বিল উত্থাপনের জন্য কোন নোটিশ পায়নি সংসদ সচিবালয়।