আমার নেতৃত্বে এরশাদ ও খালেদা জিয়া সরকারের পতন হয়েছে, এবার এই সরকারেরও পতন হবে: চাঁদপুরে ১৪ দলের পথসভায় মেয়র মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ১৪ দলের বিভাগীয় সমন্বয়ক আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, আমরা আর হরতাল করতে রাজি নই। এবার চট্টগ্রাম বিভাগের সব সড়ক অবরোধ করে রাখবো এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শীঘ্রই এই কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, আমার নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের আন্দোলনের মাধ্যমে ইতোপূর্বে এরশাদ ও খালেদা জিয়া সরকারের পতন হয়েছে। এবার এই সরকারেরও পতন হবে, ইনশাল্লাহ।
সোমবার রাতে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দল আয়োজিত এক জনসভায় মেয়র মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন দিতে চাইলে সবার গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন করতে হবে এবং নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে। তিনি বলেন, দালাল আজিজের আওতায় কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাই আমরা আন্দোলন করছি। আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করবো। ১৪ দলের ২৩ দফা কর্মসূচি বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন তিনি নেতা-কর্মীদের আহ্বান জানান।
তিনি বলেন, ১৪ দল ক্ষমতায় গেলে ২৩ দফা বাস্তবায়ন করা হবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু মাথা নত করবো না।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি. ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইউসুফ গাজী।
এর আগে বিকেল সাড়ে ৫টায় মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে অর্ধশতাধিক গাড়িসহ ১৪ দলের চট্টগ্রাম বিভাগীয় লংমার্চ চাঁদপুর জেলা সীমানায় পৌঁছে।
তিনি চাঁদপুর শহরে আসার পথে শাহরাস্তি, হাজীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ১০টি পথসভায় বক্তব্য রাখেন। আজ রাতে তিনি চাঁদপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। আগামীকাল সকালে চাঁদপুর শহর থেকে ফরিদগঞ্জ হয়ে লক্ষ্মীপুর পৌঁছাবেন।
