এ সরকারের আমলেই রমনা কালি মন্দির নির্মাণ করা হবে: মির্জা আব্বাস
মুক্তিযুদ্ধের সময় পাক - হানাদার বাহিনীর হামলায় বিধ্বস্ত রমনা কালিমন্দির পুনঃনির্মাণের ব্যাপারে একমত হলেও হিন্দু সম্প্রদায়ের নেতারা মন্দিরের স্থানের ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত এক সভায় সোমবার দ্বিধাবিভক্ত নেতারা স্থানের ব্যাপারে একমত হতে আরো এক সপ্তাহ সময় নিয়েছেন।
তবে গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের সময়েই ধ্বংস হয়ে যাওয়া ওই মন্দিরটি নির্মাণ করা হবে।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।
আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মেজর জেনারেল (অব:) সিআর দত্ত, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, ফ্রন্টের সদস্য সচিব গৌতম মিত্র প্রমুখ।
সভায় সিআর দত্ত বলেন, রমনা কালিমন্দিরের দুই একর ২২ শতাংশ জমি দেবোত্তর সম্পত্তি। এটা বদলানো যাবে না। ওই জমিতেই রমনা কালিমন্দির স্থাপন করতে হবে।
তিনি জানান, রমনা কালিমন্দিরের জমি স্বাধীনতা স্তম্ভে নেই। সেখানে রয়েছে আনন্দময়ী আশ্রমের জমি। কালি মন্দিরের জমি এখনো খালি রয়েছে। সেখানে মন্দির করে এর পার্শ্ববর্তী স্থানে আশ্রমসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা যেতে পারে।
গয়েশ্বর রায় জানান, রমনা কালিমন্দিরের জমি বিগত সরকার আমলে প্রতিষ্ঠিত স্বাধীনতা স্তম্ভের ভেতরে চলে গেছে। তাই এর আশেপাশে সুবিধাজনক স্থানে বা বর্তমানে রমনা কালিমন্দিরের পূঁজো মন্ডপের স্থানেই মন্দির নির্মাণ করা যেতে পারে।
এ নিয়ে সরকারপন্থী কল্যাণ ফ্রন্ট ও বিরোধী দলপন্থী ঐক্য পরিষদের নেতাদের মধ্যে মৃদু বিতর্ক হয়। দুপক্ষই পরস্পর বিরোধী যুক্তি তুলে ধরেন।
দুপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে মির্জা আব্বাস আগামী সাত দিনের মধ্যে এ ব্যাপারে আবারো বৈঠকের মাধ্যমে স্থান নির্ধারণ সংক্রান্ত জটিলতা নিরসনের আশ্বাস দিয়ে বলেন, রমনা কালি মন্দির বর্তমান সরকার আমলেই নির্মাণ করা হবে। আর যদি এ জটিলতার কারণে নির্মাণ করা সম্ভব না হয়, তবে এর জন্য সরকার দায়ী থাকবে না।
