১ লাখ ৩৫ হাজার ডলার ব্যয়ের পর সরকারি সিদ্ধান্ত: আর নয় মার্কিন লবিস্ট
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লবিস্ট ফার্মের কাছ থেকে আর কোনো সেবা না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
তিন মাসে ১ লাখ ৩৫ হাজার ডলার ব্যয় করে ওয়াশিংটন গ্রুপ ও কেশাম ওয়াশিংটন (টিডব্লিউজি/কে) নামের দুটি মার্কিন লবিস্ট ফার্মের কাছ থেকে তিন মাস সেবা নেওয়ার পর সরকার এই সিদ্ধান্তে আসতে পারলো।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিডিনিউজকে বলেছেন, সরকার তাদের কাছ থেকে মাত্র তিনমাস সেবা নেওয়ার পর সরকার এ চুক্তি আর বহাল রাখেনি।
লবিস্টদের অব্যাহতি দেওয়া হলো কেন এ প্রশ্নের জবাবে মোরশেদ খান বলেন, এ রকম ফার্মের কাছ থেকে সেবা নেওয়া অপেক্ষা সেখানে কোনো তরুণ সাংবাদিককে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হলে ভাল কাজ হতে পারে।
গত বছর অক্টোবর মাসে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে মার্কিন ওই লবিস্ট ফার্মটিকে নিয়োগ দেওয়া হয়। বিরোধী দল আওয়ামী লীগ ইস্যুটিকে সামনে নিয়ে আসার পর এ নিয়ে এপ্রিল মাসে দেশের ভিতরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সাবের হোসাইন চৌধুরী তখন অভিযোগ করেছিলেন, দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে নয় বরং ক্ষমতাসীন দলের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বার্থেই মার্কিন লবিস্ট ফার্মকে নিয়োগ দেয়া হয়েছিল।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী সরকারের পক্ষ সমর্থন করে বলেন, মার্কিন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে মার্কিন প্রশাসন ও ক্যাপিটাল হিলে বাংলাদেশের স্বার্থ তুলে ধরতেই ফার্মটিকে নিয়োগ দেওয়া হয়েছিল।
মোর্শেদ খান এর আগে বলেছিলেন, মাসিক ৪৫ হাজার ডলার দিয়ে লবিস্ট ফার্মটিকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় এবং তার সিদ্ধান্তেই ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের খরচ কমিয়ে আনতে প্রেস মিনিস্টারের পদটি বিলুপ্ত করা হয়।
মোরশেদ খান লবিস্ট ফার্মের নিয়োগের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, আমাদের কিছু রাজনৈতিক নেতা বিদেশে গিয়ে দেশের ও দেশের মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রাচরণা চালান। বাংলাদেশকে তালেবান, আল কায়েদা ও বর্বর বলে বিদেশের মাটিতে তুলে ধরেন। এমন কুৎসিত প্রচারণার বিপরীতে দেশের ভাবমূর্তি ও সুনাম রক্ষা করা ক্ষমতাসীন দল হিসেবে তাদের দায়িত্ব বলে মোরশেদ খান মন্তব্য করেন।
গত বছর ৩১ অক্টোবর ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও লবিস্ট ফার্মের মধ্যে প্রাথমিকভাবে ছয় মাসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তিন মাস পর এর মেয়াদ বাড়ানোর কথা ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের এম চৌধুরী ও ওয়াশিংটন গ্র“পের পক্ষে প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জন ডি রাফায়েলি চুক্তিতে সই করেন।
