২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর-৩ ও কুমিল্লা-৮ আসনে উপনির্বাচন হয়তো হবে না: নির্বাচন কমিশন সচিব

সময়ের স্বল্পতার কারণে দিনাজপুর - ৩ এবং কুমিল্লা - ৮ আসনে উপনির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন কর্মকর্তারা রোববার এ বিষয়টি প্রায় নিশ্চিত করেই জানালেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এর আগে নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে। হাইকোর্ট ৬ আগস্ট উপনির্বাচন স্থগিত এবং নির্বাচনী তফসিল ঘোষণা কেন অবৈধ হবে নাÑ সে ব্যাপারে নির্বাচন কমিশনের প্রতি কারণ দর্শানোর আদেশ জারি করে। দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে কারণ দর্শাতে বলা হলেও দুই সপ্তাহ পর রোববারই তারা হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (আইন) একেএম সলিমুল্লাহ বিডিনিউজকে জানান, দুই সপ্তাহের সময়সীমা আদেশের কপি হাতে পৌঁছানোর পর থেকে হিসেব করা হবে।

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার বিডিনিউজের সাথে পৃথকভাবে আলাপকালে জানান, তারা রোববার হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়েছেন।

তিনি বলেন, উপনির্বাচন অনুষ্ঠানের ওপর হাইকোর্ট যেহেতু দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং এ মেয়াদ শেষ হতে অক্টোবরের প্রথম সপ্তাহই এসে যাবে। তাই উপনির্বাচন অনুষ্ঠানের কোনও প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

তিনি জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠানের জন্য মাত্র কয়েক দিন সময় থাকবে। নির্বাচিত সাংসদরাও কোন ভূমিকা রাখতে  পারবে না। তাই উপনির্বাচন অনুষ্ঠানের জন্য মোটা অংকের টাকা খরচের কোনও যৌক্তিকতা নেই।

বর্তমান জাতীয় সংসদ এবং সরকারের মেয়াদ আগামী ১০ অক্টোবর শেষ হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগ পর্যন্ত বড় জোর আরও ১৫ দিন তারা থাকতে পারেন। এই হিসেবে হাতে থাকে মাত্র ২২ দিন। এর মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রয়োজন কমপক্ষে ২০ দিন।

হাইকোর্টের আদেশের জবাব সম্পর্কে তারা কী ভাবছেনÑ এ ব্যাপারে জানতে চাইলে সচিব বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন। এ সংক্রান্ত প্রক্রিয়াটি ব্যাখ্যা করে তিনি জানান, তারা প্রথমে নির্বাচন কমিশনের সদস্যদের কাছে হাইকোর্টের আদেশের কপি পাঠাবেন। কমিশন উল্লেখযোগ্য বিষয়গুলো চিহ্নিত করবেন। তাদের দেওয়া নির্দেশনা অনুসারে নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা আইন বিশেষজ্ঞদের সহযোগিতায় জবাবের কপি তৈরি করবেন। পরে কমিশন আবার তা পরীক্ষা করে দেখবে এবং প্রয়োজন হলে সংশোধন করবে। সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর অ্যাটর্নি জেনারেলের দপ্তর অথবা সরাসরি হাইকোর্টে জবাব দাখিল করা হবে।

এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিব বলেন, কমিশনের আগামী বৈঠকে নোটিশটি আলোচনার জন্য দাখিলের আগে আইনজীবীদের সঙ্গে এ নিয়ে আলোচনা হবে। শিগগিরই নির্বাচন কমিশনারদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে।

এক প্রশ্নের জবাবে কমিশন সচিবালয়ের অপর এক যুগ্মসচিব মোহাম্মদ জকরিয়া বলেন, ৯০ দিনের মধ্যে শূণ্য আসনে উপনির্বাচনের ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও আদালতের আদেশের মতো অনিবার্য কারণে উপনির্বাচন বন্ধ রাখা সংবিধানের লঙ্ঘন নয়।

এ প্রসঙ্গে তিনি সপ্তম সংসদের উদাহরণ উপস্থাপন করেন। মামলার কারণে তোফায়েল আহমেদের ছেড়ে দেওয়া একটি আসন ওই সংসদের পুরো মেয়াদ খালি থাকে এবং শেষপর্যন্ত ২৯৯ জন সদস্য নিয়েই ওই সংসদ মেয়াদ পার করে।

দিনাজপুর -৩ এবং কুমিল্লা - ৮ আসনের কয়েকজন বাসিন্দার দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ জারি করে। রিট আবেদনকারীরা তাদের আবেদনে এত অল্প সময়ের জন্য উপনির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে অর্থের অপচয় বলে উল্লেখ করেন।

বিগত ১৪ জুন বিএনপি’র এমপি খুরশিদ জাহান হকের মৃত্যুতে দিনাজপুর - ৩ এবং ২৫ জুন নৌপরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের মৃত্যুতে কুমিল্লা - ৮ আসন শূণ্য হয়।