সিইসি ও ইসির দুই সচিবের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননা মামলার চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে আবেদন
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ ও নির্বাচন কমিশনের দুই সদস্যের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননা মামলার চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।
রোববার বিচারপতি মোহাম্মদ আবদুল মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবিরের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের পক্ষে এই আবেদন উপস্থাপন করা হয়।
কিন্তু বেঞ্চের এ মামলা শুনানির এখতিয়ার না থাকায় আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।
ভোটার তালিকা নিয়ে আদালতের রায় অমান্য করায় সিইসি ও কমিশনের দুই সদস্যের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না এই মর্মে গত ২৩ মে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের এই বেঞ্চে রুল জারি করা হয়।
প্রসঙ্গত, ওই বেঞ্চের আদালত অবমাননা ও রিট মামলা শুনানির এখতিয়ার না থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে বাদীপক্ষের কৌসুলীরা এ মামলার শুনানির ব্যবস্থা করার জন্য গত ১৭ আগস্ট প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন। প্রধান বিচারপতি যে বেঞ্চ রুল জারি করেছিল সেই বেঞ্চে তাদের আবেদন করতে বলেন।
সেই মোতাবেক আদালত অবমাননা মামলার বাদী আবদুল জলিলের পক্ষে ব্যারিস্টার আমীর-উল-ইসলাম হাইকোর্টে আবেদন উপস্থাপন করেন। নির্বাচন কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকার বৈধতা নিয়ে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানির জন্য এই বেঞ্চে একইসঙ্গে আবেদন জানানো হয়। ওই আবেদনটিও প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়।
