যুবলীগ নেতা আবু সাঈদ হত্যা: টাঙ্গাইলের গোপালপুরে হরতাল পালিত
যুবলীগ নেতা আবু সাঈদকে হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের আহ্বানে রোববার জেলার গোপালপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে শহরের বাসস্ট্যান্ডে আবদুল জব্বার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা রকিবুল হক রানা, বিমান কুমার সাহা, এস এম রফিক, বেলায়েত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা আবু সাঈদের হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার নেতারা এক সংবাদ সম্মেলনে বলেন, যুবলীগ নেতা আবু সাঈদের হত্যার সঙ্গে বিএনপি বা ছাত্রদলের কোনো কর্মী জড়িত নন। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ ইকবাল ও সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ শনিবার রাতে পূর্বঘোষিত সকাল -- সন্ধ্যা হরতালের পরিবর্তে অর্ধদিবস হরতালের ঘোষণা দেন।
১৫ আগস্টে শোকদিবসের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা আবু সাঈদের ওপর হামলা চালিয়ে হত্যা করে।
