২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তকাজে সন্তোষজনক অগ্রগতি হয়নি: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২১ আগস্ট গ্রেনেড হামলায় সন্তোষজনক অগ্রগতি না হওয়ার কথা স্বীকার করে বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত শেষ হয়েছে বা সন্তোষজনক পর্যায়ে রয়েছে, এটা বলা যাবে না।
তবে তদন্ত চলছে। চার্জশীট হতে আরো সময় লাগবে। এটি একটি স্পর্শকাতর ও দুঃখজনক ঘটনা। এর একটি পরিপূর্ণ তদন্ত প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার মাসিক আইন - শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী এ মামলার তদন্তকে রাজনৈতিকীকরণ করা হয়নি বলেও দাবি করেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২১ আগস্ট হামলা অনেক আসামীই ভারতে আছে। তারা আবারো দেশে ঢুকতে পারে এমন তথ্য আমাদের কাছে আছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারত সরকারকেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ইন্টারপোলও তাদের ব্যাপারে লাল নোটিশ দিয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা হবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মামলায় প্রায় ২২ হাজার আসামী পলাতক রয়েছে। এদের মধ্যে দুই হাজার দুইশ’ আসামীই তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের তালিকা, প্রোফাইল ও ডাটাবেজ তৈরি করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে এগুলো তুলে দেওয়া হবে। তারাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের প্রকাশ্য রাজনীতিতে আসা বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আমি সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। বর্তমান সরকার আমলে নিষিদ্ধ জঙ্গিদের প্রকাশ্য রাজনীতির কোনো সুযোগ নেই। এ ব্যাপারে র্যাব ও গোয়েন্দা সংস্থাসহ সংশি¬ষ্টদের তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত না করে কারো অভিযোগের ভিত্তিতেই কিছু বলা যাবে না। নতুন তথ্য পেলেই জঙ্গি দমনে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো।
লুৎফুজ্জামান বাবর স্বীকার করেন, বর্তমান সরকারের মেয়াদ রয়েছে আর মাত্র দুই মাস ১০ দিন। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রবণতা দেখা দিয়েছে। এর মধ্যে সামনে রমজান, পুজা এবং রাজনৈতিক কর্মসূচি আছে। এতেও আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এ ব্যাপারেও সভায় আলোচনা করা হয়েছে। এতে পুলিশ ও র্যাবকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়াও সভায় মাদক চোরাচালান, পার্বত্য চট্টগ্রামে অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরী, কুটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার ও দেশব্যাপী নীরব চাঁদাবাজির ব্যাপারেও আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।
সভায় এ ব্যাপারে র্যাব ও পুলিশসহ সংশি¬ষ্টদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় চার ঘন্টাব্যাপী এ সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি), র্যাবের বিভিন্ন অঞ্চলের কমান্ডিং অফিসার এবং মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
