২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী চ্যানেলগুলোর কারণে দেশের নতুন প্রজন্ম বাংলা ভাষার পরিবর্তে ভিন্দেশী ভাষা শিখছে

বিদেশী চ্যানেলগুলোর কারণে দেশের নতুন প্রজন্ম বাংলা ভাষা না শিখে ভিনদেশী ভাষা শিখছে। চ্যানেল প্রচারের ক্ষেত্রে কোনো নীতিমালা না থাকায় দেশীয় সংস্কৃতি এখন হুমকির মুখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

রোববার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মিলনায়তনে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম আয়োজিত ‘ক্যাবল টেলিভিশন : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।

সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম।

বৈঠকে বক্তারা বলেন, দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো সরকারের চাপিয়ে দেওয়া বিটিভির সংবাদ প্রচার করতে বাধ্য হচ্ছে। অথচ প্রিন্ট মিডিয়া শতভাগ স্বাধীনতা ভোগ করছে। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে হবে।

বক্তারা আরও বলেন, বিদেশী চ্যনেলগুলো সরকারকে কোনো রাজস্ব না দিয়ে দর্শকদের কাছ থেকে অর্থ আদায় করে। ভারতের চ্যানেল এ দেশে দেখানো হলেও আমাদের কোনো চ্যানেল সেদেশে দেখানো হয় না।

তথ্যমন্ত্রী বলেন, আগামীতে বিদেশী চ্যানেলগুলোর বিজ্ঞাপন বাদ দিয়ে শুধু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা হবে। ক্যাবল টিভি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার অচিরেই সবার মতামতের ভিত্তিতে একটি আইন প্রণয়ন করবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন তথ্য সচিব মো. হায়দার আলী, পিআইবির মহাপরিচালক ড. রেজোয়ান সিদ্দিকী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, এটিএন বাংলার চেযারম্যান মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, দৈনিক আমার দেশের সম্পাদক আমানুল্লাহ কবির, দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন, বাংলা ভিশনের শামীম শাহেদ প্রমুখ।