২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ব্যতিরেকে নির্বাচন হতে দেব না: যশোরে পদযাত্রায় ১৪ দলের নেতারা

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে যশোরে রোববার ১৪ দলের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রার আগে এক সমাবেশে ১৪ দলের নেতারা সংস্কার ব্যতিরেকে নির্বাচন হতে দেবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

যশোর শহরের খয়েরতলা ভাস্কর্য মোড় থেকে বিকেল ৬ টায় শুরু হওয়া বর্ণাঢ্য পদযাত্রায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, মোহাম্মদ নাসিম এমপি, মতিয়া চৌধুরী, আব্দুল মান্নান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য, ন্যাপ সেক্রেটারি অ্যাড. এনামুল হকসহ কমিউনিস্ট কেন্দ্র ও গণতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতা এবং দলীয় কর্মী - সমর্থকরা অংশ নেন।

পদযাত্রা শুরুর আগে ভাস্কর্য মোড়ে আয়োজিত সমাবেশে ১৪ দলের নেতারা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া আমরা এ দেশে কোনও নির্বাচন হতে দেব না। আর আওয়ামী লীগ ও ১৪ দল বাদে এদেশে নির্বাচন হবে এমন আশা যেন কেউ না করে।

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে সমাবেশে নেতারা জোট সরকারের কঠোর সমালোচনা করে বলেন, মাছে-ভাতে বাঙালিকে এ সরকার ডাল - ভাত খাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু ডাল - ভাতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শুনলে হাত এখন আর পকেটে যায় না। হাত ওঠে মানুষের কপালে।

তারা বলেন, জোট সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করেছে এবং এসবের মাধ্যমে তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছে।

কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, এক হাতে বাঁশের লাঠি ও অন্য হাতে ব্যালট নিয়ে নির্বাচনী মাঠে থাকতে হবে। নেতারা লাঠির মাধ্যমে জোট সরকারের পোষা গুণ্ডাদের প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

খয়েরতলা মোড় থেকে পদযাত্রাটি পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শহরতলীর মুড়লীতে এসে শেষ হয় এবং এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।