একাধিক আসনে নির্বাচনের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার বৈধতা তিন সপ্তাহের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সংবিধানের ৭১ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম মজুমদারের জনস্বার্থে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করা হয়।
বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদীন এবং বিচারপতি মাশুক হোসেন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চটি এ বিষয়ে কারণ দর্শানোর জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবের প্রতি রুল জারি করেন।
আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী বলেন, সংবিধানের ৭১ ধারায় কোন ব্যক্তির একাধিক আসন ধরে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি।
যুক্তি উপস্থাপনের সময় মোহাম্মদ আলী বলেন, ‘পাঁচটি আসনে কেউ নির্বাচন করলে তার কমপক্ষে ২৫ লাখ টাকা খরচ করতে হয়। যা জনপ্রতিনিধি আইনের পরিপন্থী। ওই আইন অনুযায়ী নির্বাচনে কেউ ৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না। আইন অনুসারে কেউ ৫ আসনে জিতলে উপনির্বাচনের মাধ্যমে তাকে ৪টি আসন ছেড়ে দিতেই হয়। কিন্তু ব্যয় করা টাকা আর ফেরত নেওয়ার কোনো উপায়ই থাকে না। অনুমোদনহীন এ ব্যয় একইসঙ্গে বিলাসিতা, জনগণের টাকার অপচয় এবং মৌলিক অধিকারের লঙ্ঘন’।
মোহাম্মদ আলী বলেন, একাধিক আসনে নির্বাচন আসলে গণতন্ত্রের নামে তামাশা এবং জনগণের টাকার অপচয় । সুতরাং এ বিধান অবৈধ ঘোষণা করা উচিত।
