২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত নারী প্রতিনিধিদের কোণঠাসা করে রেখেছেন পুরুষ সহকর্মীরা: বৈঠকে বক্তারা

স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত নারী প্রতিনিধিরা উন্নয়ন কর্মকাণ্ডে কোণঠাসা হয়ে আছেন। নির্বাচিত পুরুষ সহকর্মীরা সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন কাজে সবসময় নারী প্রতিনিধিদের একপাশে ঠেলে রাখেন। মহিলা কমিশনাররা মূলত কোন কাজই পান না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জাতীয় সংসদ ভবনে রোববার ‘জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের মধ্যে সম্পর্কের উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।

বৈঠকে বক্তারা নারী সাংসদ এবং সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী সদস্যদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। নারী সাংসদরা স্থানীয় সরকার ও জাতীয় সংসদে লিঙ্গ বৈষম্যের বিষয়টি তুলে ধরতে পারেন বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা নারী সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ডে স¤পৃক্ত করার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করে স্থানীয় সরকার অধ্যাদেশে একটি নতুন বিধি সংযোজনের ব্যাপারে প্রস্তাব রাখেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় সংসদীয় গণতন্ত্র জোরদার প্রকল্প পার্লামেন্টারি ককাস অন জেন্ডার এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার। বৈঠকে সভাপতিত্ব করেন ককাসের প্রধান বেগম সারোয়ারি রহমান।

বৈঠকে উপস্থিত নারী কমিশনাররা জানান, প্রকল্প বাস্তবায়নে অধিকাংশ ক্ষেত্রে পুরুষ কমিশনাররা তাদের সম্পৃক্ত রাখেন না। পুরুষ কমিশনাররা নির্বাচিত হন একটি ওয়ার্ড থেকে, অপরদিকে তারা নির্বাচিত হন তিনটি ওয়ার্ড থেকে। কিন্তু পুরুষ কমিশনাররা পুরুষ চেয়ারম্যানদের সমর্থনে সকল বিষয়ে নারী কমিশনারদের ওপর কর্তৃত্ব করেন।

সভাপতির বক্তব্যে বেগম সারোয়ারি রহমান বলেন, বাংলাদেশে নারীরা উচ্চপদে অবস্থান করলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ভূমিকা নেহাত সামান্য। নারী সাংসদরা জাতীয় সংসদে নারী ও পুরুষ সাংসদদের মধ্যে সমতা আনয়ন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন বলে তিনি প্রস্তাব করেন।

সংসদ সচিবালয়ের সচিব এটিএম আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন বিশেষজ্ঞ অধ্যাপক এটিএম ওবায়দুল্লাহ, মো. নাজিবুর রহমান, হুমায়রা আজিজসহ বেশকিছু ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বাররা বৈঠকে উপস্থিত ছিলেন।