বিএনপি অনেক খারাপ কাজ করেছে, আমরা জোটে গেলে তাদের ক্ষমতা রক্ষা পাবে : এরশাদ
নিজেকে জোট সরকারের ত্রাণকর্তা ভাবছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। নিজের উপর চাপ থাকার বিষয়টি স্বীকার করে সাবেক এ রাষ্ট্রপতি তার অনুসারীদের সাবধান করে দিয়ে বলেছেন, ‘ভুল করলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না’।
ক্ষমতাসীন জোটের সমালোচনা করে এরশাদ বলেন, ‘বিএনপি অনেক খারাপ কাজ করেছে। তাদের অবস্থা ভাল না। আমরা জোটে গেলে হয়তো তাদের ক্ষমতা রক্ষা পাবে। চারদলীয় জোটে গেলে আমরাও কয়েকজন মন্ত্রী পাবো, আমি নিজেও একটি সম্মানজনক পদ পাবো’।
জাতীয় পার্টির বৃহত্তর রাজশাহী অঞ্চলের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে বৈঠকে রোববার এরশাদ একথা বলেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রাজধানীর একটি অভিজাত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফর আহম্মেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন।
বৈঠকে এরশাদ চারদলীয় জোটে যাওয়ার কথা বললেও তৃণমূল পর্যায়ের নেতারা ১৪ দলে যাওয়ার পক্ষে ইঙ্গিত করেন। তারা বলেন, ভুল সিদ্ধান্ত নিলে বৃহত্তর রাজশাহী অঞ্চলের নেতাকর্মীরা মিছিলসহ আপনার অফিস ঘেরাও করবে।
তারা আগামী নির্বাচনে বৃহত্তর রাজশাহী এলাকার বেশ কয়েকটি আসনের জাপার প্রার্থীতা নিশ্চিত করার দাবি জানান।
জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, ‘আমি অনেক চাপের মধ্যে আছি, এটা আপনাদের বুঝতে হবে। ভুল সিদ্ধান্ত নিলে আমরা বেঁচে থাকবো না, আমিও থাকবো না। সব দিক বিবেচনা করেই আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে জাপা বিলীন হয়ে যাবে’।
এরশাদ বলেন, ‘১৪ দলে গেলে আসন বেশি পেলেও ক্ষমতায় যেতে পারবো কিনা তা জানিনা। আর তাদের যদি আমাদের সমর্থন পাওয়ার ইচ্ছা থাকে, তবে আমাদের ভালো চোখে দেখা উচিত। চারদলীয় জোটে যাওয়ার ব্যাপারে কেবল আলোচনা শুরু হয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি’।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে সুযোগ পেলে তিনি উপজেলা ব্যবস্থা চালু করবেন। দেশে প্রাদেশিক ব্যবস্থা চালু করা হবে।
তিনি প্রয়াত কবি শামসুর রাহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘আয়কর মামলা থেকে আমার মুক্তিতে একটি মহল খুবই শোকাহত হয়েছে। তারা শামসুর রাহমানের মৃত্যুর চেয়ে আমরা মুক্তিতে বেশি শোক পেয়েছে। আমাদের এখন আর কেউ আঘাত করতে পারবে না, এখন আমাদের আঘাত করার সময় এসেছে। এখন জাপা নিজের পায়ে দাঁড়িয়েছে’।
এরশাদ দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জাপা একটি বটবৃক্ষ। জাতীয় পার্টি থেকে দুই একজন বেরিয়ে গেলে দলের কোনো ক্ষতি হবে। পত্রিকার খবর আর কার্টুন দেখে বিভ্রান্ত হবেন না। নির্বাচনের আর মাত্র দুই মাস আছে। এখন দেশ ও দলের জন্য কাজ করতে হবে।
