২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে পিছু হটলেন মঞ্জু, ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশে খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু পিছু হটেছেন। মহানগর আহবায়ক কমিটির বিরুদ্ধে ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঞ্জু জানান, কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর তাদের দেয়া আশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো।

গত ১৮ আগস্ট খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সভায় সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান, মহানগর আহবায়ক আলহাজ আলী আসগর লবী এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম গ্র“প বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে বহিষ্কার করেন।

এর পরিপ্রেক্ষিতে ১৯ আগস্ট নজরুল ইসলাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আহবায়ক কমিটি বাতিল ও মেয়র - লবী -মাজেদকে সামাজিকভাবে বয়কটের দাবি জানান। পাশাপাশি ২৩ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়ে তিনি বলেন, তথাকথিত আহবায়ক কমিটি বাতিল না করা হলে ২৪ তারিখ মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়াও ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা মিছিল, দলীয় নেতা কর্মীদের বাড়িতে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ঘটনায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।