গত ৫ বছরে দরিদ্র মানুষের কোন উন্নতি হয়নি, হয়েছে শুধু প্রধানমন্ত্রীর পরিবারের: বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপির নেতাকর্মীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে শেষ মুহুর্তে লুটপাট করে নিচ্ছে।
পাঁচ বছরে দরিদ্র মানুষের জন্য তারা কিছুই করেনি। শুধু উন্নতি হয়েছে প্রধানমন্ত্রীর পরিবারের, বিএনপি - জামায়াত নেতাকর্মীদের।
নগরীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত পল্লী চিকিৎসক ও প্যারামেডিক্স ধারার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক বি. চৌধুরী বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রীকে মেধাবী ও সৎ হতে হবে। উত্তরাধিকার সূত্রে রাজা হওয়া যায়, কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় না। তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ এ সরকারকে জবাব দেবে।
তিনি বলেন, এ সরকার সন্ত্রাস লালন করে। এ কারণে তারা সন্ত্রাসের জন্মদাতা হুকুমের আসামী একজনকে গ্রেপ্তার তো দূরের কথা, ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। কারণ তারা সকলেই সরকারের বড় বড় মন্ত্রী ও নেতা। অথচ সরকার ‘সন্ত্রাস দমন করেছি’ বলে বাহবা কুড়াতে চায়।
তিনি আরো বলেন, সরকার শুধু মুখে গণতন্ত্রের কথা বলে। অথচ তারা রাজধানীতে বিকল্পধারাকে একটি প্রকাশ্য জনসভার অনুমতি পর্যন্ত দিলো না। তাহলে কোথায় রইলো গণতন্ত্র?
তিনি বলেন, জিয়াউর রহমানের আমলে আমার পরামর্শে প্রতিটি গ্রামে একজন করে পল্লী চিকিৎসক গড়ে তোলার পরিকল্পনা করা হয়। সে সময় আমরা প্রায় ২২ হাজার পল্লী চিকিৎককে প্রশিক্ষণও দিয়েছিলাম। কিন্তু এরশাদ ক্ষমতায় এসে মনে করেছে, তারা বোধহয় সকলেই জিয়াউর রহমান আর বি. চৌধুরীর লোক। এজন্য তিনি ওই প্রকল্পটি বাতিল করে দেন।
অথচ আমাদের লক্ষ্য ছিল পল্লী চিকিৎসক গড়ে তুলে সস্তায় গ্রামের গরীব মানুষের কাছে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে তিনি বিকল্পধারার উদ্যোগে আবারো পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে ঘোষণা দেন। এজন্য তিনি সংশ্লিষ্টদের সহায়তা চান।
আয়োজনে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, ২০ - ২৫ টাকা চুরির জন্য অনেক সময় ছিঁচকে চোরকে পিটিয়ে মেরে ফেলা হয়। কিন্তু যুবক নামে একটি প্রতিষ্ঠান প্রতারণা করে জনগণের শত শত কোটি টাকা লুট করে নিয়ে গেল। সরকারের লোকজন যুবক এর সাথে জড়িত বলে তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিলো না।
তিনি বলেন, কারচুপির ভোটার তালিকা করে এবং এরশাদকে জোটে ভিড়িয়ে বিএনপি - জামায়াত আবারো সরকার গঠনের চেষ্টা করছে।
তিনি চিকিৎসা সেবার পাশাপাশি পল্লী চিকিৎসকদের সচেতন মানুষ হিসেবে গণতান্ত্রিক দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
পল্লী চিকিৎসক ও প্যারামেডিক্স ধারার আহ্বায়ক ডা. মো. বাচ্চু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিকল্পধারা নেতা ফিরোজ এম. হাসান, পল্লী চিকিৎসকদের নেতা ডা. নূরুল আকরাম, ডা. মোশাররফ হোসেন, ডা. গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
