যুক্তরাষ্ট্র কংগ্রেসের ১৮ সদস্য ২১ আগস্ট গ্রেনেড হামলার পুনঃতদন্ত দাবি করেছেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে লেখা এক কড়া চিঠিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ১৮ সদস্য ২১ আগস্টের গ্রেনেড হামলার পুণর্তদন্ত দাবি করেছেন। ২০০৪ সালের ২১ আগস্ট বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এ হামলা চালানো হয়।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে কংগ্রেসম্যানরা বলেছেন, ‘ন্যায়বিচারের স্বার্থে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গ্রেনেড হামলার একটি নতুন ও সম্পূর্ন নিরপেক্ষ তদন্তের অনুরোধ করছি’।
বিডিনিউজকে দেওয়া ১৭ আগস্টের ওই চিঠির একটি অনুলিপিতে দেখা গেছে, মার্কিন কংগ্রেস সদস্যরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে চিঠির প্রতি উত্তর আশা করছেন।
মার্কিন কংগ্রেস সদস্যরা হচ্ছেন- জোসেফ ক্রাউলি, রবার্ট ওয়েক্সলার, চার্লস গনজালেস, জিকে বাটারফিল্ড, এলসি হ্যাস্টিংস, কোরিন ব্রাউন, ফ্রাঙ্ক প্যালোন, জ্যানিস ডি শাকাভস্কি‹, ডায়ান ই ওয়াটসন, মাইকেল কাপুয়ানো, এলিয়ট এল এঞ্জেল, বারনি ফ্র্যাঙ্ক, ব্রায়ান হিগিনস, কেন্ডরিক বি মিক, শেরড ব্রাউন, এন্থনি ডি ওয়াইনার, ডেবি ওয়াজারম্যান শুলজ এবং আল গ্রীন।
চিঠিতে বলা হয়, ‘গ্রেনেড হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের ধরা হচ্ছে না এবং যারা এই হামলার সঙ্গে জড়িতরা অব্যাহতি পেয়ে যাচ্ছে’। মার্কিন কংগ্রেস সদস্যরা আরো বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ যে সহযোগিতা করেছিল, ‘সুষ্ঠু তদন্তের জন্য তা-ও পুরোপুরি ব্যবহার করা হয়নি’।
মার্কিন কংগ্রেসম্যানদের মতে, সুষ্ঠু বিচার না হওয়ায় এরকম হামলা ও রাজনৈতিক সহিংসতার সংখ্যা ও মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। উদাহরণ দিতে গিয়ে চিঠিতে সাবেক বাণিজ্যমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই হাজার হাজার লোক গ্রেফতার, বাংলাদেশের ইতিহাসে প্রথম আত্মঘাতী বোমা হামলা এবং গত আগস্ট মাসে সারাদেশে একযোগে ৪শ’ ৬৯টি বোমা হামলার কথা উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, ‘আওয়ামী লীগের প্রায় সব নেতাই ওই সমাবেশে উপস্থিত ছিলেন। রাজনৈতিক তাৎপর্যের বিশালতার বিচারে বলা যায় এটি ছিল একটি পরিকল্পিত হামলা’।
আওয়ামী লীগের ওই সমাবেশে গ্রেনেড হামলার বিষয়ে যথাযথ তদন্তের প্রতিশ্র“তি দেওয়া হলেও কংগ্রেসম্যানদের মতে ‘হামলার প্রমাণ যথযথভাবে সংরক্ষিত করা হয়নি এবং ভিত্তিহীন সন্দেহের উপর ভর করে এ হামলার সাথে জড়িত নয় এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছিল; শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়’।
‘সর্বোপরি এ হামলার তদন্তে ব্যর্থতা পুরো বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতির একটি প্রতীক হয়ে আছে। আমাদের মতে এ প্রেক্ষাপট অরাজক পরিস্থিতিকে আরও উৎসাহিত করেছে এবং ইসলামি জঙ্গিরা এদেশে শক্ত অবস্থান করতে পেরেছে’।
ছয় মাস পরে সাধারণ নির্বাচন থাকায় মার্কিন কংগ্রেসম্যানরা আশঙ্কা করেন, ‘বিরোধী দলের নেত্রীর উপর হামলায় তদন্তের ব্যর্থতা ভোটারদের মনে ভীতি ও সহিংসতার আবহ তৈরি করতে পারে’।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলা হয় তাতে নিহত হয় ২৩ জন এবং প্রায় চারশ’ জন আহত হয় ।
