স্বল্পমূল্যে উচ্চমানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে এর পরিমার্জনের ওপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার উন্নয়নশীল দেশগুলোতে স্বল্পমূল্যে কিন্তু উচ্চমানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে প্রযুক্তি স্থানান্তর ও পেটেন্ট আইন পরিমার্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, নতুন প্রযুক্তি ও কৌশল সংযোজন করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর পরষ্পরের মধ্যে সহযোগিতা প্রয়োজন। ওষুধের স্বল্পমূল্য ও সহজলভ্যতা নিশ্চিত করতে এটা সুনির্দ্দিষ্টভাবে প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
নগরীর হোটেল শেরাটনে দক্ষিণ-পশ্চিম এশীয় ২৪ তম স্বাস্থ্য মন্ত্রী পর্যায়ের বৈঠক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর ৫৯ তম আঞ্চলিক কমিটির বৈঠকের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দারিদ্র্য ও ভগ্ন স্বাস্থ্য একে অপরের সঙ্গে জড়িত। আমরা দেখেছি দরিদ্র দেশগুলোর মানুষের স্বাস্থ্য লক্ষণীয় মাত্রায় খারাপ। দরিদ্র দেশের মানুষ অন্যান্য দেশগুলোর ন্যায় এখনও সমান স্বাস্থ্য সেবা পাচ্ছে না।
হু এর অন্তর্ভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভুটান, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, ভারত, কোরিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশসহ ১১টি সদস্য রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীরা দুই দিনের ওই বৈঠকে যোগদান করেন।
