২১ আগস্টে আওয়ামী লীগের কর্মসূচি
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আওয়ামী লীগ ২১ আগস্ট বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
ওই হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতা - কর্মী নিহত এবং সহস্রাধিক আহত হন।
রোববার আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এই কর্মসূচির মধ্যে রয়েছে:
২১ আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকে সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে পুস্পস্তবক অর্পণ, বিকাল ৩ টায় মহানগরের বিভিন্ন দিক থেকে পদযাত্রা করে বঙ্গবন্ধু এভিনিউতে জমায়েত, পদযাত্রা শেষে আসার পথে বিকাল ৫ টা ২২ মিনিটে যে যেখানে থাকবেন সেখানে ২ মিনিট দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
এ ছাড়া কর্মসূচির মধ্যে আরও রয়েছে সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউস্থ স্মৃতিফলকের সামনে মোমবাতি প্রজ্জ্বলন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতীকি কর্মসূচি সারা দেশব্যাপী পালিত হবে। দেশব্যাপী জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল শাখা কেন্দ্রীয় এই কর্মসূচি পালন করবে বলেও এতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল এমপি আজ এক বিবৃতিতে ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে জঙ্গীদের গ্রেনেড হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচী পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা থেকে শুরু করে তৃনমূল পর্যায় পর্যন্ত সকল স্তরের শাখার প্রতি আহবান জানিয়েছেন।
