যশোরে ১৪ দলের পদযাত্রা আজ
১৪ দল আজ রোববার যশোরে পদযাত্রা কর্মসূচি পালন করছে।
এ কর্মসূচিতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিৎ সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য্য, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ কেন্দ্রীয় নেতার অংশগ্রহণের কথা রয়েছে।
পদযাত্রা সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এতে জানানো হয়, রোববার বিকেল ৩ টায় শহরের পশ্চিম প্রান্ত নূতন খয়েরতলা মোড়ে এক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা শেষে শহরের পালবাড়ি থেকে ভাস্কর্য মোড় থেকে তারা পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি সাত কিলোমিটার দূরে শহরতলীর মুড়লিতে গিয়ে শেষ হবে।
রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
শনিবারের ওই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটো, ফারাজী শাহাদৎ হোসেন, শরীফ আব্দুর রাকিব, শাহীন চাকলাদার, সাইফুজ্জামান পিকুল প্রমুখ এবং ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন।
তারা অভিযোগ করেন, পদযাত্রা কর্মসূচি ব্যর্থ করতে পুলিশ ১৪ দল নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে।
