আওয়ামী লীগ সংস্কারের দাবি নিয়ে আলোচনায় আসে না: মান্নান ভূঁইয়া
আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় আসে না। বিদেশিরা ডাকলে তারা আলোচনায় বসে, জাতীয় সংসদে জামায়াতের সঙ্গে আলোচনা করতে পারে, কিন্তু আমরা আলোচনায় আসতে বললে তারা আসে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শনিবার সকালে একথা বলেন।
নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে গণসংযোগকালে এক সভায় তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত। নির্বাচন করতে দেবে না বলে কথায় কথায় হুমকি দিয়ে স্বেচ্ছাচারি মনোভাব দেখাচ্ছে।
তিনি আওয়ামী লীগকে অধৈর্য, অগণতান্ত্রিক ও প্রতিহিংসাপরায়ন বলে উল্লেখ করেন। তিনি গত পাঁচ বছরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।
দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. বাতেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, আবুল হারিছ, আরিফুল ইসলাম মৃধা।
