কানসাট আন্দোলন নেতা গোলাম রব্বানী জাতীয় নির্বাচনে অংশ নেবেন
জনগণের দাবি পূরণ করতে হলে অবশ্যই একটি প্লাটফর্মে দাঁড়াতে হবে। আর তা সম্ভব সংসদীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে।
চাঁপাইনবাবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী শনিবার ঢাকায় এক আলোচনা সভায় এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রগতিশীল ছাত্র এবং সাংস্কৃতিক সংগঠন’ ডাকসু ভবনে এ সভা আয়োজন করে। উপস্থিত একজন ছাত্রের প্রশ্নের উত্তরে গোলাম রব্বানী বলেন, জণগণের মতই চূড়ান্ত। কাজেই তাদের দাবি পূরণে নির্বাচনে অংশগ্রহণ করবো।
রব্বানী বলেন, কানসাটবাসী প্রমাণ করেছে, আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করা সম্ভব। জনগণের সেই আন্দোলনের ফলেই এখন পল্লী বিদ্যুতের মিটার ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিু চার্জ ৭৮ টাকা করা হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ডেমরা পানি ও বিদ্যুৎ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা আহমেদ ইমতিয়াজ শিশির, আজিজুর রহমান, মো. শফিকুল ইসলাম, টিপু সুলতান, আহমেদ আলী, জহির চৌধুরী প্রমুখ।
গোলাম রব্বানী বিদ্যুতের দাবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়মের প্রতিবাদে কানসাটের সাধারণ জনগণের আন্দোলনের পটভূমি বর্ণনা করে বলেন খাদ্য, বস্ত্র, পানির মতোই মানুষের একটি মৌলিক চাহিদা বিদ্যুৎ কানসাটবাসী আন্দোলন করে জয় করেছে।
