সকল বিতর্ক নিষ্পত্তি করে ৩য় কর্ণফুলী সেতু নির্মাণ করতে হবে: সংবাদ সম্মেলনে দাবি
সকল বিতর্ক নিষ্পত্তি করে ৩য় কর্ণফুলী সেতু নির্মাণ করতে হবে।
এজন্য নিরপেক্ষ প্রকৌশলীদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সেতুর নির্মাণ কৌশল নির্ধারণ করতে হবে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক সংহতির উদ্যোগে ‘৩য় কর্ণফুলী সেতুর নির্মাণ কৌশল নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে নাগরিকদের বক্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী সরদার আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মহিদুল হক, ভাস্কর রাশা, ড. মুস্তাক হোসেন, প্রকৌশলী এনামুল হক, শরিফুজ্জামান শরিফ, প্রকৌশলী কামরুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, পৃথিবীর কোনও দেশেই বন্দর সংশ্লিষ্ট নদীতে পিলার সেতু নেই। অথচ আমাদের দেশের অর্থনীতির মূল কেন্দ্র চট্টগ্রাম বন্দরকে হুমকির মুখে ঠেলে দিয়ে সরকার এক তরফা ভাবে পিলার সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
সম্মেলনে দাবি জানানো হয়, অবিলম্বে পিলার সেতু নির্মাণে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে জনমত তৈরি করে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
