দুর্নীতিই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে: মাওয়া ফেরীঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা
দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেছেন, সম্ভাবনাময় দেশকে থমকে দিতে ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই দেশে খুনের রাজনীতি, অবৈধ অস্ত্র, দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস, জঙ্গীবাদ, স্বজনপ্রীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে। শুধু তা-ই নয়, দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকেই বর্তমানে ধ্বংস করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবার পথে বুধবার দুপুরে লৌহজং - মাওয়া ফেরীঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
শেখ হসিনা আরো বলেন, দেশে বর্তমানে মুক্তবুদ্ধি চর্চার পথ রুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের পথও ধ্বংস করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। বর্তমানে দেশের সর্বত্র সাম্প্রদায়িকতার বীজ ছড়ানো হচ্ছে। এর ফলেই জঙ্গিবাদের উত্থান হয়েছে। একদিকে দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ক্ষুদ্র একটি গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হচ্ছে। বর্তমানে দুর্নীতিতে ছেয়ে গেছে সারা দেশ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দুর্নীতিই এখন নীতি হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে।
তিনি দুঃখের সঙ্গে উল্লেখ করেন, জাতির জনককে নির্মমভাবে হত্যা না করলে দেশ আজ এমন দুর্দশায় পতিত হতো না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে শেখ হসিনা বলেন, এই দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ ঐক্যবদ্ধভাবে কাজ করা।
এ সময় শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তর ছোট বোন শেখ রেহানা, দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
