২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাছাই করা চাঞ্চল্যকর মামলার দুই তৃতীয়াংশই সুরাহা করতে পারলো না সরকার

চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য অনেক ঢাক-ঢোল বাজিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মনিটরিং সেল গঠন করা হলেও বাছাই করা মামলাগুলোর দুই-তৃতীয়াংশই নিষ্পন্ন করতে পারেনি চারদলীয় জোট সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিশেষ গুরুত্ব দিয়ে বাছাই করা মোট ২৯৬ মামলার মধ্যে এযাবৎ সুষ্ঠুভাবে নিষ্পন্ন হয়েছে মাত্র ৯৫টি মামলা। বাকিগুলোর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে ৩০ টি মামলার কার্যক্রম এবং আসামিদের খুঁজে না পাওয়া, সাক্ষীর অনুপস্থিতি, দুর্বল চার্জশিট ইত্যাদি কারণে ৩২ টি মামলা নিষ্পন্ন হয়েছে কোন ধরনের সাজা ব্যতিরেকেই। বাকি ১৬৯ টি মামলার মধ্যে ১১৫ টি বিচারাধীন এবং ৫৪ টি এখনো তদন্তাধীন।

চাঞ্চল্যকর মামলা গুলোর দুই-তৃতীয়াংশই নিষ্পন্নের অপেক্ষায় রাখার ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মনিটরিং সেলের সভাপতি লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার বিডিনিউজকে বলেছেন, ”আসামীদের বেশীর ভাগই পলাতক থাকায় এবং সাক্ষী না পাওয়ার কারণে মামলাগুলোর নিস্পত্তি হচ্ছেনা।”

মনিটরিং সেলের কাজের ধীরগতি সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য এর আগে সাংবাদিকদের বলেছিলেন আদালত ও ম্যাজিষ্ট্রেটের স্বল্পতাসহ বিভিন্ন কারণ।

স্বরাষ্ট সচিব সফররাজ হোসেন বিডিনিউজকে বলেন উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশের কারনে অনেক মামলার কার্যক্রম থেমে রয়েছে।

বাছাই করা চাঞ্চল্যকর ২৯৬ টি মামলা নিষ্পত্তির লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মনিটরিং সেলটি গঠিত হয় এবং এর প্রথম সভাটি অনুষ্ঠিত হয় ২০০২ সালের ২৩ এপ্রিল এবং এযাবৎ মনিটরিং সেলের ৪৭ টি সভা অনুষ্ঠিত হয় ।

চাঞ্চল্যকর মামলাগুলোর মধ্যে আলফ্রেড সরেন হত্যা, হাইকোর্টের বিচারচতির স্বাক্ষর জ্বালিয়াতি, আদালত চত্ত্বরে ঢুকে অন্য মামলার সাক্ষী আজাদ হত্যা, মালিবাগ মোড়ে মিছিলে পুলিশসহ ’ট্রিপল মার্ডার’, রাজারবাগ পুলিশ লাইন হত্যা, দশ বছরের শিশু মিশেল হত্যা, গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষক স্বপন গোস্বামী হত্যা, ওয়ার্ড কমিশনার সায়েদুর রহমান নিউটন হত্যা, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আফজাল হামজা আমিরুল কাইয়ুম চৌধুরী হত্যা, হরতালের মিছিলকারিদের হামলায় নিহত সজল হত্যা, খুলনা হাসচাতালের ভিতরে হত্যা, বিএনপি নেতা ও সন্ত্রাসী তসু হত্যা, পাবনা পৌর চেয়ারম্যান হত্যা, শেরপুরের দুই ছাত্রলীগ নেতা হত্যা ও চিত্রনায়ক সোহেল হত্যা মামলা অন্যতম।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “চাঞ্চল্যকর মামলাগুলো নিষ্পন্নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বাকি মামলাগুলো পরবর্তী সরকার নিষ্পন্ন করবে।”

অন্যদিকে তদন্তকারি গোয়েন্দা ও পুলিশের অন্যান্য সংস্থার কর্মকর্তারা বলেছেন সাক্ষি ও প্রমাণের অভাবে মামলাগুলোর অধিকাংশ সাজা ব্যতিরেকে নিস্পত্তি হচ্ছে। তদন্তে ধীরগতি এবং তথ্য উদ্ঘাটনে ব্যর্থতা প্রসঙ্গে তারাও তদন্তকারি কর্মকর্তার অভাবের কথা উল্লেখ করেন।

পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, মোট অনিষ্পন্ন ১৬৯ টি মামলা মধ্যে তদন্তাধীন ৫৪ টি এবং ২৭ টি মামলার কোনো তথ্যই এখনো উদ্ঘাটিত হয়নি। এর মধ্যে সিআইডির তদন্তাধীন ২২ টি, ডিএমপির অধীনে ২৫ টি,  সিএমপির অধীনে দুইটি, কেএমপির অধীনে দুইটি, আরএমপির অধীনে একটি, র‌্যাবের অধীনে একটি এবং জেলা পুলিশের অধীনে একটি।

বিচারাধীন এই ১১৫ টি মামলার মধ্যে দ্রুত বিচার আদালতের অধীনে ৩১ টি এবং বাকি ৮৪ টি মামলা অন্যান্য আদালতে। এই ১১৫ টি মামলার মধ্যে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে ২৯ টি এবং অধিকতর তদন্তের জন্য দুইটি।