এই প্রথম জাতীয় নির্বাচনে জনসংহতি সমিতি সরাসরি নির্বাচন করবে
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
জনসংহতি সমিতির শীর্ষ একটি সূত্র জানিয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান -- এই তিন পার্র্বত্য জেলার তিন আসনে সমিতির নিজস্ব প্রার্থী দেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত। তবে এ আসনে কারা মনোনয়ন পাচ্ছেন তা এখনো ঠিক হয়নি।
সম্প্রতি সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে ওই তিন পার্বত্য জেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকেও জনসংহতি সমিতির পক্ষে নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে।
বৈঠকে আদিবাসী পাহাড়ি নেতারা শেখ হাসিনাকে বলেন, ২০০১ সালের নির্বাচনে জনসংহতি সমিতির সমর্থন না পাওয়ার কারণেই আওয়ামী লীগকে নিশ্চিত তিনটি নির্বাচনী আসনের মধ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির দুটি আসন হারাতে হয়েছে। তারা এ জন্য দলের স্থানীয় নেতৃত্বের অদূরদর্শিতাকেই দায়ী করেছেন।
শেখ হাসিনা জবাবে তৃণমূল নেতাকর্মীদের বলেছেন, এবার তেমন হওয়ার আশঙ্কা নেই। এবারের নির্বাচনে জনসংহতি সমিতির সক্রিয় সমর্থন পাওয়া যাবে।
এ বিষয়ে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা মঙ্গলবার বিডিনিউজকে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে আদিবাসীরা অধিকার নিশ্চিত করতে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণমুখী সরকার গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, ২০০১ সালের নির্বাচনের পর এবার আসন্ন নির্বাচনে পাহাড়ের প্রেক্ষাপট ভিন্নআমরা পর্যাবেক্ষণ করে দেখেছি, একটি বিশেষ মহল ও শান্তিচুক্তি বিরোধী সন্ত্রাসী গোষ্ঠি এবারো নির্বাচনে আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠির বিপক্ষে কাজ করবে। সরাসরি নাম উল্লেখ করেই সন্তু বলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর জন্মই হয়েছে শান্তিচুক্তির বিরোধিতা করা ও জনসংহতি সমিতির নেতৃত্বকে দমন করার জন্য।
সন্তু লারমা আরো বলেন, এবার পাহাড়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদসহ বহিরাগত বাঙালিরা একসঙ্গে পাহাড়ে স্থায়ী বাসিন্দা পাহাড়ি ও আদিবাসী বাঙালি জনগোষ্ঠির বিপক্ষে প্রার্থী দিয়ে নির্বাচন করবে বলে তিনি শুনেছেন।
বর্ষীয়ান নেতা সন্তু লারমা আরো বলেন, ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের বছর দশেক পরেও মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ার সুযোগে পাহাড়ে বহিরাগত বাঙালি বসতির সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আদিবাসী পাহাড়িদের সঙ্গে বাঙালি জনসংখ্যার ভারসাম্যহীনতা; ক্রমেই সঙ্কুচিত হচ্ছে পাহাড়িদের জনজীবন। এটি নির্বাচনের ভোটেও নেতিবাচক প্রভাব ফেলবে।
ইউপিডিএফ এর কেন্দ্রীয় আহ্বায়ক প্রসিত বিকাশ খীসা বিডিনিউজকে জানান, গতবারের মতো আগামী নির্বাচনেও ইউপিডিএফ তিনটি পার্বত্য আসনে নিজস্ব প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তাদের প্রার্থী মনোনয়ন করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, দেশের ৪৫টি ভাষাভাষী জনগোষ্ঠির প্রায় ৩০ লাখ আদিবাসীর জাতীয় সংগঠন বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃত্বও দিচ্ছেন সন্তু লারমা। ২০০১ সালের জুলাই মাসে গঠিত হয় আদিবাসীদের এই প্রথম একক সংগঠনটি।
আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পার্বত্য চট্টগ্রামে তো বটেই, এমনকি অন্যান্য আদিবাসী অধ্যুষিত অঞ্চলেও আদিবাসীরা আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবে। এর আগে ১৯৭২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম আদিবাসী নেতা হিসেবে জনসংহতি সমিতি ও এর সাবেক গেরিলা গ্র“প শান্তিবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা এমএন লারমা জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব করেন।
