যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৩১তম শাহাদাত বার্ষিকী পালিত
বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী মঙ্গলবার স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। ৩১ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে তাকে সপরিবারে হত্যা করা হয়।
আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এ দিনটিকে শোক দিবস হিসেবে পালন করেছে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বস্বীকৃত খুনিদের ফাঁসির দাবিতে রাজপথে নেমে আসে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে অযথা বিলম্বিত করার প্রতিবাদে আওয়ামী লীগ আধাবেলার হরতাল কর্মসূচি পালন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠা কন্যা শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই কন্যা দুপুর ১২ টা ৩৫ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে যান এবং পুস্পস্তবক অর্পণের পর দুই মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় আওয়ামী লীগের ও ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ড. কামাল হোসেন, সৈয়দা সাজেদা চৌধুরী, জহুরা তাজউদ্দিন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, বেগম মতিয়া চৌধুরী, দিলীপ বড়–য়া এবং জাকির হোসেন।
দিনটি উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ির সামনের অংশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে যান এবং সেখানে তিনি ১৫ আগস্টে নিহতদের প্রতি সম্মান জানাতে পুস্পস্তবক অর্পণ করেন।
রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শামিয়ানা টাঙিয়ে রান্নাবান্না করেন এবং গরীব ও দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেন।
ধানমণ্ডি ৩২ নম্বর ছাড়াও দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণের জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বিশাল রান্নাবান্নার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু এভিনিউ কালো পতাকা ও বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করার দাবি সম্বলিত ব্যানারে ছেয়ে যায়।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর অসন্তুষ্ট কিছু সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। দেশের বাইরে থাকায় শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান।
’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে নিহত হন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, নয় বছর বয়সী শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, পারভিন জামাল, ভাই শেখ নাসের। এছাড়া নিহত হন তার নিকট আত্মীয় আব্দুর রব সেরনিয়াবাত এবং তার ১৩ বছর বয়সী মেয়ে বেবি সেরনিয়াবাত, পুত্র আরিফ, চার বছর বয়সী নাতি বাবু, বেড়াতে আসা এক ভাগ্নে, তিনজন অতিথি, চারজন কর্মচারী, শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মনি। নিহত হন বঙ্গবন্ধুর নিরাপত্তা প্রধান কর্নেল জামাল উদ্দিন আহমেদ।
স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালের ৭ মার্চ তার আহ্বানে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
