ভারতের বিজেপি প্রেসিডেন্টের মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা ক্ষুব্ধ
বাংলাদেশ সম্পর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে বাংলাদেশের ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা বিজেপি প্রেসিডেন্টের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান এবং তার কড়া সমালোচনা করেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিজেপি প্রেসিডেন্ট রাজনাথ সিং সম্প্রতি গোয়ার রাজধানী পানাজিতে সাংবাদিকদের বলেন, ভারতের উচিত সন্ত্রাসী শিবিরগুলো ধ্বংস করার জন্য বাংলাদেশ ও পাকিস্তানে হামলা চালানো এবং এ ধরনের হামলার আগে আন্তর্জাতিক সমর্থন আদায় করা।
বিজেপি প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি ‘বিডিনিউজ’কে বলেন, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র এবং বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো নেতৃত্বের কাছ থেকে এমন মন্তব্য মোটেও আশা করা যায় না।
তিনি বলেন, এটা বিবেচনা করে দেখার মতো কোন বিষয় নয়।
জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী মহাসচিব মোহাম্মদ কামারুজ্জামান এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিজেপি নেতার এই মন্তব্য খুবই আক্রমণাত্মক এবং উস্কানিমূলক এবং এতে করে বাংলাদেশের প্রতি তাদের মনোভাবই প্রকাশ পায়। বাংলাদেশের জনগণ আশা করে যে বিজেপি নেতা তার মন্তব্য প্রত্যাহার করবেন।
তিনি বলেন, দু দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে কোনো সমস্যা নেই। কিন্তু ভারতের একশ্রেণীর রাজনৈতিক নেতার বড়ভাইসুলভ মনোভাব খুবই দুঃখজনক এবং তারা তাদের এই মনোভাব কিছুতেই বদলাতে পারছেন না।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ নিজের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও দেশের মর্যাদা অক্ষুণœ রাখবেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু তার প্রতিক্রিয়ায় বলেন, এ উপমহাদেশে বিভিন্ন ধর্ম ও মতাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য দীর্ঘদিনের। তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপি নেতার সাম্প্রতিক মন্তব্য এ উপমহাদেশের জনগণের মূল্যবোধের পরিপন্থী। এমন মন্তব্য কারো জন্যই মঙ্গলজনক নয়।
