রুয়েটে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের ওপর শিবিরের সশস্ত্র হামলায় অর্ধশতাধিক আহত, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন
পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শনিবার রাতে ছাত্রশিবিরের কয়েক’শ বহিরাগত ক্যাডার অতর্কিতভাবে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালায়।
হামলা ও হামলা পরবর্তী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।
আহত নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, রুয়েটের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের (০৪ সিরিজ) শিক্ষার্থীরা আগামী ১৫ আগস্ট একটি পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ লক্ষ্যে তারা ক্যাম্পাসের আবাসিক হলসহ বিভিন্ন স্থানে প্রচারণামূলক পোস্টার লাগিয়েছে। ০৪ সিরিজের শিক্ষার্থীদের লাগানো পোস্টারের ওপর ছাত্রশিবির কর্মীরা শিবিরের ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে পোস্টার লাগায়। এতে ক্ষুব্ধ হয়ে ০৪ সিরিজের শিক্ষার্থীরা গত শক্রবার ও শনিবার তাদের পোস্টারের ওপর লাগানো পোস্টার তুলে ফেলে।
সূত্রটি জানায়, শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বিপুলসংখ্যক শিবির ক্যাডার রাবি ছাত্রশিবির সভাপতি মাহবুবুল আলম সালেহী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মন্ডলের নেতৃত্বে লাঠিসোটা, রড ও হকিস্টিকসহ রুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালাতে যায়। এ সময় রুয়েট শাখা ছাত্রশিবির সভাপতি সৈয়দ আহমেদ কবীর, শিবির ক্যাডার রানা, জিহাদী, তবিবুর রহমান, কায়েস ও ইমনের নেতৃত্বে শতাধিক ক্যাডার নিয়ে রুয়েট গেটে অবস্থান নেয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রুয়েটের শিবির ক্যাডাররা একত্রিত হয়ে সম্মিলিতভাবে প্রথমে রুয়েটের টিনসেড হলে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রদলসহ বিপুলসংখ্যক সাধারণ ছাত্র মারাত্মক আহত হয়।
রুয়েট ছাত্রদের ওপর শিবিরের হামলার খবর পেয়ে এ সময় রুয়েটের অন্যান্য হলের ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিবির ক্যাডারদের হামলা প্রতিহত করতে এগিয়ে এলে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের সঙ্গে শিবির ক্যাডারদের তুমুল সংঘর্ষ শুরু হয়। চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ছাত্রদল, সাধারণ ছাত্র ও বহিরাগত শিবির ক্যাডারসহ অন্তত ৫০ জন আহত হয়।
সংঘর্ষের খবর পেয়ে রাত ২টার দিকে রুয়েট উপাচার্য প্রফেসর আনওয়ারুল হক, শিক্ষক সমিতির সেক্রেটারী আশরাফুল হক, ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. মফিজ উদ্দিন ও পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলা - সংঘর্ষের পরে ছাত্রশিবির ক্যাডাররা টিনসেড হলের ছাত্রদলের চিহ্নিত কক্ষসহ সাধারণ ছাত্রদের ৯/১০ টি কক্ষে ব্যাপক ভাংচুর, লুটপাট এবং প্রকাশ্য অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছে বলে ছাত্রদল নেতৃবৃন্দ ও ছাত্ররা অভিযোগ করেন। আহতদের মধ্যে হাফিজ, আহমেদ হোসেন, সবুজ, নাসির, আক্তার, ছোটন, তুষার, সাজিদ ও ছাত্রশিবির ক্যাডার হানিফকে গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যান্যদের মধ্যে সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মিজান, জুলিয়ান, মামুন, শাহীন, শামীম ও শাহীদের নাম জানা গেছে। তাদের রুয়েট পাশ্ববর্তী স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
হামলা ও হামলা পরবর্তী সংঘর্ষের পর রুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার জাবেদ জোয়ারদার রুয়েট ক্যাম্পাস পরিদর্শন করে পুলিশকে সতর্কবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে রুয়েট প্রশাসন সূত্রে জানা গেছে ।
এদিকে হামলা - সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পর পরস্পরকে দায়ী করে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে।
রুয়েট শাখা ছাত্রদল সেক্রেটারী সজীব বড়–য়া দাবি করেন, শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। তিনি এর যথাযথ বিচার দাবি করেন।
অন্যদিকে রুয়েট শাখা ছাত্রশিবির সভাপতি সৈয়দ আহমেদ কবীর জানান, শিবিরের পোস্টার ছেঁড়ার কারণ জানতে নেতারা শনিবার রাতে টিনসেড হলে যায়। এ সময় ছাত্রদল ক্যাডার সবুজ শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করলে ছাত্রশিবির এর প্রতিবাদ করে। ফলে ছাত্রদলের সঙ্গে তাদের সংঘর্ষের সৃষ্টি হয়।
রুয়েট ক্যাম্পাসে রাবি থেকে ভাড়া করে বিপুল সংখ্যক শিবির ক্যাডার নিয়ে আসার বিষয়ে কবীর বলেন, যেহেতু আমরা এখনো রাবি ছাত্রশিবিরের উপশাখা হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছি তাই আমাদের বিপদের সময় তাদের সাহায্য নিয়েছি মাত্র ।
এ ব্যাপারে রাবি শিবির সেক্রেটারি নুর মোহাম্মদ রুয়েটে তাদের উপস্থিতি প্রসঙ্গে বিডিনিউজকে জানান, আমরা রুয়েটে যাইনি। ছাত্রদল ষড়যন্ত্র করে শিবিরকে এর সাথে জড়াচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রুয়েট উপাচার্য প্রফেসর আনওয়ারুল হক সাংবাদিকদের জানান, এ ব্যাপারে কোন সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি। তবে বিষয়টি যাতে শীঘ্রই সমঝোতা করা যায় তার চেষ্টা চলছে।
তিরি আরও জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
