২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি প্রায়ই আসছেন কারাগারের বাইরে

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি প্রায়ই কারাগারের বাইরে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 04:19 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আত্মীয়-স্বজনের সঙ্গে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাক্ষাতের সুযোগ করে দিতে ব্যবহৃত হচ্ছে সাধারণ রোগের ছল-ছুতো। হাসপাতালে তারা পরিবারের সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন। ভোগ করছেন স্বাধীনতা। হাসপাতাল ও কারাগার এর একাধিক সূত্র বিডিনিউজকে এ তথ্য জানান।

চরম ঝুঁকিপূর্ণ তিন আসামি লে. কর্ণেল (অবঃ) সৈয়দ ফারুক রহমান, লে. কর্ণেল (অবঃ) মহিউদ্দিন আহমেদ এবং মেজর (অবঃ) বজলুল হুদাকে আনা নেওয়ার সময় পাহারা ও নিরাপত্তার জন্য দেওয়া হয় মাত্র তিনজন জেল পুলিশ। সূত্র জানিয়েছে দিনের বেলাতেই তাদের আনা নেওয়া করা হয়। 

বিডিনিউজের নিজস্ব অনুসন্ধানে এবং হাসপাতাল ও কারা সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, তিনজন আসামির সবাই একই রোগে আক্রান্ত। বিস্ময়কর হলেও সত্যি যে তারা তিনজনই চোখ, দাঁত এবং বাতের চিকিৎসার জন্য কারাগারের বাইরে আসেন।

চিকিৎসার কথা বলে গত এক বছরে এই তিন সাবেক সেনাকে ১৯ বার বিএসএমএমইউতে পাঠানো হয়েছে। এর মধ্যে চলতি বছরের জুন মাসেই তারা হাসপাতালে গেছেন চারবার ।  

চোখ-দাঁত ও বাত রোগের চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনজন চিকিৎসক থাকা সত্ত্বেও এই তিন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থায়  ঘনঘন হাসপাতালে পাঠানোয় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। অনেক মনে করছেন দুর্ধর্ষ খুনীদের এমন সহজ বিচরণ জনমণে ভীতির জন্ম দিতে পারে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপ মহা কারা পরিদর্শক (ঢাকা বিভাগ) মেজর মোহাম্মদ হায়দার সিদ্দিকি বিডিনিউজকে বলেন, চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে তিন আসামি আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন এমন কথা শুনলেও এর কোনো প্রমাণ তিনি পাননি। 

মেজর সিদ্দিকি আরও বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে কোন পরীক্ষাগার নেই বলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের বিএসএমএমইউতে পাঠাতে হয়। তিনি আরো বলেন, চিকিৎসকের পরামর্শেই তাদের ঘন ঘন হাসপাতালে যেতে হয়।

“মৃত্যুদন্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কারা বিধি অনুসরণ করেই সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে,” মেজর সিদ্দিকি বলেন।

হাসপাতালে নেওয়ার সময় শিথিল নিরাপত্তা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, “তিনজনই প্রবীণ। কারাগারে তাদের আচরণও খুব ভালো। তাই আমরা মনে করি না যে, হাসপাতালে যাওয়ার সময় তারা কোন ধরনের ‘ফাউল প্লে’ করবেন”।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, হাসপাতালে গিয়ে এই তিন দুর্ধর্ষ অপরাধী তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। “তারা অনেক সময় ধরে তাদের আত্মীয় স্বজনদের সাথে গল্প করেন। বাসা থেকে আনা খাবার খান,” নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল সূত্র জানায়। 

বিএসএমএমইউ এর চক্ষু বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সালেহ উদ্দিন এর সাথে মঙ্গলবার ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

“এ বিষয়ে আমি কিছুই জানি না। চক্ষু বিভাগে বর্তমানে চারজন সহযোগী রয়েছেন। তারা হয়তো এ বিষয়ে কিছু জানতে পারেন,” ডাক্তার সালেহ বলেন।

দন্তবিভাগের ডিন অধ্যাপক  হোসেনের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এ বিষয়ে অন্ধকারে রয়েছেন। “আমি এ বিষয়ে কিছুই জানি না,” তিনি বলেন। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ২৬ বছর পর এই হত্যাকান্ডের বিচারের সম্পন্ন হয়। 

২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বিচারক ১২ জন সাবেক সামরিক অফিসার ও জোয়ানকে নৃশংসতম এই হত্যায় জড়িত থাকার অভিযোগে মৃত্যুদন্ড প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন --- লে কর্ণেল (অব) সৈয়দ ফারুক রহমান, লে কর্ণেল (অব) সুলতান শাহরিয়ার রশিদ খান, লে কর্ণেল (অব) মহিউদ্দিন আহমেদ, লে কর্ণেল (অব) খন্দকার আবদুর রশিদ, মেজর (অব) বজলুল হুদা, লে কর্ণেল (অব) শরীফুল হক ডালিম, মেজর (অব) শরফুল হোসেন, লে কর্ণেল (অব) এএম রাশেদ চৌধুরী, লে কর্ণেল (অব) মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার), লে কর্ণেল (অব) নূর চৌধুরী, লে কর্ণেল (অব) আবদুল আজিজ পাশা, ক্যাপ্টেন (অব) মোহাম্মদ কিসমত হাশেম, ক্যাপ্টেন (অব) নাজমুল হোসেন আনসার, ক্যাপ্টেন (অব) আবদুল মাজেদ এবং রিসালদার মোসলেমউদ্দিন ওরফে মোসলেহউদ্দিন।

প্রথম তিনজনকে ১৯৯৬ সালে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। চুরির অভিযোগে থাইল্যান্ড আটক মেজর (অবঃ) বজলুল হুদাকে বিশেষ ব্যবস্থায় এদেশে নিয়ে আসা হয় । অপর আসামিদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন করা হয়।

বঙ্গবন্ধু হত্যার রায় ঘোষণার পাঁচ বছর পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যথাযথ বিচারকের অভাবে এ সরকারের আমলে একদিনও শুনানি হয়নি।

এর আগে ১৯৯৮ সালের ৮ নভেম্বর ১৫ জন অবসরপ্রাপ্ত এবং বরখাস্তকৃত সেনা কর্মকর্তা এবং জোয়ানকে এই নৃশংসতম হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে বিচার আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ২২ বছর পর ১৯৯৭ সালে আওয়ামী লীগ আমলে এই হত্যাকান্ডের বিচার শুরু হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারকের মধ্যে তিনজন শুনানি চালাতে বিব্রতবোধ করেন এবং দুইজন হাইকোর্টের বিচারে অংশ নেওয়ায় শুনানিতে অংশ নিতে পারছেন না।

আপিল বিভাগের বিচারকদের মধ্যে শুধু বিচারপতি তাফাজ্জাল ইসলামই এ মামলা শুনতে পারবেন। কিন্তু আপিল বিভাগে শুনানির জন্য আরও দুইজন বিচারকের প্রয়োজন রয়েছে।

চারদলীয় সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের জন্য অতিরিক্ত বিচারক নিয়োগের দাবি জানিয়ে আসছে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্য আসামিরা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, লিবিয়া এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়।

বঙ্গবন্ধু হত্যার অন্যতম পরিকল্পনাকারিরা ১৯৮০ এর দশকে বাংলাদেশে ফিরে অপর ফ্রিডম পার্টি নামের একটি রাজনৈতিক দল গঠন করেছিল।

এদেরই একজন লে কর্ণেল সৈয়দ ফারুক রহমান নৃশংস এই হত্যাকান্ডের ১০ বছর পর দেশে ফিরে অপর সামরিক শাসক এরশাদের আমলে রাষ্ট্রপতি নির্বাচনেও অংশগ্রহণ করেন।