বিদেশীরা ডাকলে আ. লীগ জামাতের সাথে বসতে পারে, তাহলে সংস্কার ইস্যুতে বসতে সমস্যা কোথায়: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, বিদেশীরা ডাকলে আওয়ামী লীগ জামাতের সাথে বসতে পারে। বিগত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময়ও তারা জামাতের সাথে বসেছে।
কিন্তু সংস্কার ইস্যুতে তারা জামাতের সাথে বসতে চায় না। সংস্কার ইস্যুতে আলোচনায় বসলে সমস্যা কি?
ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সাথে মঙ্গলবার তার সচিবালয়ের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
গ্রাম আদালত শক্তিশালীকরণ ও গ্রাম পুলিশের (চৌকিদার) সদস্যদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি প্রকল্পের বিষয়ে প্রতিনিধি দলটি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে কথা বলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নব প্রতিষ্ঠিত গ্রাম আদালতকে সহায়তা দিতে ইউএনডিপি ও ইইউ ৩০০টি মডেল ইউনিয়নের জন্য একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনার জন্য সংস্থা দুটি নিজস্ব অর্থায়নে একজন করে বেঞ্চ ক্লার্ক নিয়োগ করবে। এসব ক্লার্ক গ্রাম আদালতের পাশাপাশি ইউনিয়ন পরিষদের কাজে সহায়তা করবে।
এ ছাড়াও সংস্থা দুটি তাদের প্রকল্পের মাধ্যমে সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
মান্নান ভূঁইয়া প্রতিনিধি দলের প্রস্তাব নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আরো বেশি ইউনিয়নকে এ প্রকল্পের আওতাভুক্ত করার পরামর্শ দেন।
প্রতিনিধি দলে ছিলেন ইউএনডিপির কর্মকর্তা নজিবুর রহমান ও রফিকুজ্জামান এবং ইইউ’র ফিলিপ ইউরেফা, ড. তাজিন মুর্শেদ, নওশাদ জামির এবং সাবেক সচিব এওয়াইবিআই সিদ্দিকী এবং স্থানীয় সরকার সচিব এসএম জহরুল ইসলাম।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বিরোধী দলকে সংস্কার ইস্যুতে আলোচনা বসার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দল চাইলে আমরা এখনো আলোচনা বসতে রাজী আছি। বিরোধী দল প্রকৃতপক্ষে সংস্কার চায় না। তাই তারা জামাতের অজুহাতে আলোচনায় বসতে চায় না। তাদের আন্তরিকতা থাকলে যে কোনো সময়ই আলোচনা সম্ভব।
