২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীন জোটের প্রতি বিমাতাসুলভ আচরণের অভিযোগ আনলেন বিজেপির তৃণমূল নেতারা

জাতীয় পার্টির (বিজেপি-মতিন) সম্মেলনে তৃণমূল নেতারা বিজেপির প্রতি বিমাতাসুলভ আচরণ করায় ক্ষমতাসীন চারদলীয় জোটের তীব্র সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত বিজেপির কেন্দ্রীয় সম্মেলনে নেতারা এ সমালোচনা করেন।

সম্মেলনের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগকে ‘ভারতের দালাল’ উল্লেখ করে বলেন, মন্ত্রী বা এমপি হওয়ার জন্য নয়, ভারতের দালাল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে রুখতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে  আরো বক্তব্য রাখেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ, বিজেপি’র মহাসচিব সাংসদ নূর মোহাম্মদ খান, প্রেসিডিয়াম সদস্য এবিএম গোলাম মোস্তফা, সাংসদ কাজী আলাউদ্দিন, সাংসদ এমএম আমিনউদ্দিন, সাংসদ কাজী আনোয়ার হোসেন প্রমুখ।

সম্মেলনের শুরুতেই তৃণমূল পর্যায়ের নেতারা বলেন, এরশাদ সাহেব জোট ত্যাগের পর আমরাই চারদলীয় জোটকে টিকিয়ে রেখেছি। কিন্তু নির্বাচনের পর বিজেপির কোনো মূল্যায়ন করা হয়নি। পাঁচ বছর ধরে বড় দল বলে অহংকার করে আমাদের ছোট দলকে বঞ্চিত করা হয়েছে।

তারা বলেন, পাঁচ বছরে বিজেপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হয়নি। অথচ আমাদের ওপর ভর করে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হয়েছে।

‘সাবেক রাষ্ট্রপতি এরশাদকে চারদলীয় জোটে নেওয়ার প্রয়োজন নেই’ উল্লেখ করে তৃণমূল নেতারা বলেন, জোট সুদৃঢ় থাকলে এদিক - সেদিক তাকানোর কোনো প্রয়োজন নেই। নতুন কেউ জোটে না এলেও চারদলীয় জোট আগামী নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে তারা উল্লেখ করেন। 

প্রধান অতিথি ড. মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র ও জাতীয় অর্থনীতির মুক্তির জন্য চারদলীয় জোট গঠন করা হয়েছিল। আমাদের সাফল্য দেখে তারাও মহাজোট গঠনের কথা বলছে। তারা দেশে - বিদেশে মহাজোটের কথা বললেও তাদের ভোট নেই। তাই তারা আবারো চারদল ভাঙ্গার ষড়যন্ত্র করছে।

স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করে বলেন, তারা জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা ধুম্রজাল সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তারা যুবলীগ সম্পাদকের দুলাভাই শায়খ রহমানের মাধ্যমে দেশে জঙ্গি সৃষ্টি করেছে।