প্রগতিশীল ও গণতান্ত্রিক সরকারের অভাবেই দেশে আদিবাসী নির্যাতন চলছে: সন্তু লারমা
পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বাধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, প্রগতিশীল ও গণতান্ত্রিক সরকারের অভাবেই দেশে আদিবাসীদের ওপর নির্যাতন - নিপীড়ন চলছে।
তিনি বলেন, আমাদের দেশের সব সরকারই সামন্তবাদী মন - মানসিকতার। এ কারণে কোনো সরকারের আমলেই আদিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
‘আন্তর্জাতিক আদিবাসী দশক: আদিবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক দিনভর গোলটেবিল আলোচনার উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আদিবাসী আন্দোলন ও অ্যাকশন এইড’র যৌথ উদ্যোগে মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, অত্যাচার - নির্যাতন - নিপীড়নে অতিষ্ঠ দেশের প্রায় ২৫ লাখ আদিবাসী এখন বিলুপ্তির পথে। এ অবস্থায় আমরা চাই দেশে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সরকার ক্ষমতাসীন হোক, যাতে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সবচেয়ে দরিদ্র আদিবাসীরা মৌলিক মানবাধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে।
তিনি এনজিওদের তীব্র সমালোচনা করে বলেন, শত শত এনজিও আদিবাসী উন্নয়নের নামে কাজ করছে। কিন্তু এদের মধ্যে প্রকৃত অর্থে আদিবাসীদের বন্ধু অল্প কয়েকটি। বেশীরভাগ এনজিওই আদিবাসী উন্নয়নের নামে বিদেশ থেকে অর্থ উপার্জনে ব্যস্ত।
দৈনিক সংবাদ এর নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল এতে সঞ্চালকের ভূমিকা পালন করেন। আলোচনায় অংশ নেন বিলিয়া’র পরিচালক ওয়ালিউর রহমান, আদিবাসী অধিকার আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক মেসবাহ কামাল, অ্যাকশন এইড’র সোয়েব সিদ্দিকী প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা মঙ্গল কুমার চাকমা।
