কর্ণফুলী সেতু নির্মাণ নিয়ে চট্টগ্রাম উতপ্ত
কর্ণফুলী সেতু নির্মাণ নিয়ে চট্টগ্রামের মেয়রের নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন জোটের পাল্টাপাল্টি মিছিলে শনিবার চট্টগ্রাম উত্তপ্ত হয়ে পড়ে।
একপক্ষ পিলার ভিত্তিক সেতু নির্মাণ প্রতিরোধ এবং অপর পক্ষ যে কোনো মূল্যে একই কাজ শুরু করার দাবিতে ওই কর্মসূচি পালন করে।
নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত এক জনার্কীর্ণ সমাবেশে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ৭ আগস্ট আরো একটি সমাবেশে আহ্বান করেন। ওই সমাবেশে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
অপরদিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তৃতীয় কর্ণফুলী সেতু বাস্তবায়ন পরিষদের ব্যানারে একটি পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে বক্তব্যদানকালে মৎস ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মেয়রের অবস্থানকে দক্ষিণাঞ্চলের প্রায় এক কোটি মানুষের প্রাণের দাবি কর্ণফুলী সেতুর নির্মাণ কাজ নস্যাত করতে একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম, সাংসদ আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ গাজী শাহজাহান, সাংসদ সারোয়ার জামাল নিজাম এবং সাংসদ শাহজাহান চৌধুরী।
৮ আগস্ট যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ওই সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করার কথা।
