বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ চাইলেন বিজেপি প্রধান নাজিউর
ক্ষমতাসীন চারদলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
বিজেপির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনাতয়নে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাজিউর এ দাবি জানান।
নাজিউর রহমান বলেন, বাজার দরের উর্ধ্বগতির জন্য মানুষ বাজারে গেলেই সরকারকে গালি দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে পণ্যের দাম বেড়ে গেলে সরকারের কিছু করার নেই। তবে দেশীয় পণ্যের মূল্য বৃদ্ধির ব্যাপারে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে মূল্যবৃদ্ধির জন্য দায়ী মজুদদার ও ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তিনি বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, বাজার দর কমাতে না পারলে সরে দাঁড়ান, মানুষের দুর্ভোগ কমান। জন জীবন নিয়ে খেললে চলবে না। প্রয়োজনে মানুষকে ভর্তূকি দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করুন।
বিজেপি চেয়ারম্যান মঞ্জুর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাপার চার দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগতৎ জানিয়ে বলেন, চারদলীয় জোটে বিজেপির নিজস্ব অস্তিত্ব ছিল, আছে এবং থাকবে। কারো সাথে একীভূত হওয়ার কোনো স্বপ্ন আমরা দেখি না। বিজেপি বিলুপ্ত হওয়ার জন্য সৃষ্টি হয়নি। ছোট সংসার নিয়ে আমরা ভালোই আছি।
তিনি জোট সরকারের ক্ষমতায় অংশীদারিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় দলগুলোর ক্ষমতায় গিয়ে কথা না রাখার একটি প্রবণতা সৃষ্টি হয়েছে। এ প্রবণতা বন্ধ করতে হবে। বড় দলগুলোর সব কথা নয়, ছোট দলগুলোর ভালো কথাও শুনতে হবে। নইলে ছোট দলগুলোকে অন্য কিছু ভাবতে হবে।
নাজিউর রহমান মঞ্জুর দেশের উন্নয়নের স্বার্থে বিরোধী দলসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নৈরাজ্যের রাজনীতি ছেড়ে আসুন দেশ গড়ার রাজনীতি করি। দেশকে সাংবিধানিকভাবে পরিচালনার জন্য আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব সাইফুর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক হুমায়ুন কবীর হিরু, শামীম আল মামুন, তৈয়বুর রহমান, বুলবুল নাহার, খলিলুর রহমান মজুমদার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মহানগর বিজেপির সদস্য সচিব কামরুল ইসলাম সজল প্রমুখ।
বক্তারা চারদলীয় জোট সরকারের অংশীদারিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চারদলীয় জোটের প্রতিশ্রুতি অনুযায়ী বিগত দিনে আন্দোলন ও নির্বাচন একযোগে হয়েছে ঠিকই, কিন্তু সরকারে বিজেপি অংশীদারিত্ব পায়নি। বিজেপির কাউন্সিলে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতিথি করে এনে তার কাছে জানতে চাওয়া হবে, বিজেপি পাঁচ বছরে কি পেয়েছে আর কি পায়নি?
