২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে তৃতীয় শক্তির উত্থানের কোনো সুযোগ নেই: মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমেদ শনিবার এক আলোচনা সভায় বলেছেন, বাংলাদেশে তৃতীয় শক্তি উত্থানের কোনো সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, রাজনীতিকরা ব্যর্থ হতে পারে কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া ব্যর্থ নয়।

জাতীয় প্রেসক্লাবে সোসাইটি ফর বাংলাদেশ ডেভলপমেন্ট স্ট্র্যাটেজি (এসবিডিএস) ‘সাংবিধানিক গণতন্ত্র: আমরা কেন আছি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সাবেক সচিব ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রাজনীতিবিদ বিশেষ করে সাংসদদের কড়া সমালোচনা করেন।   

প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহম্মেদ বলেন, সংসদীয় গণতন্ত্রের জন্য ১৫ বছর যথেষ্ট নয়। এজন্য জনগণকে ধৈর্য্য ধরতে হবে।

মওদুদ বলেন, দেশে তৃতীয় শক্তি উত্থানের কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়সীমা অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ঠ অগ্রগতি অর্জন করেছে।

মন্ত্রী বলেন, সংসদ বর্জন ও কোরাম সংকট সংসদীয় গণতন্ত্রের জন্য একটি বড় বাধা।

তিনি বলেন, বিরোধী সাংসদদের আলোচনার জন্য আরো বেশি সময় দেওয়া উচিত।

বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, বাংলাদেশে গণতন্ত্র সুদৃঢ় নয়।

তিনি সংবিধানের আর্টিকেল ৭০ এর উদ্ধৃতি দিয়ে বলেন, এই ধারা সাংসদদের তার নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেয়। যা সংসদীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বড় অন্তরায়।

বিকল্পধারা বাংলাদেশ’র মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান বলেন, আমাদেরকে অবশ্যই বর্তমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ছাড়া বিকল্প কোনো কিছু ভাবা উচিত নয়।

তিনি বলেন, সংসদ নয়, আমরা রাজনীতিবিদরাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্যই দায়ী’।

সাবেক শিক্ষা সচিব ও জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, আমরা যদি সংঘাতপূর্ণ রাজনীতি পরিবর্তন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবাধ একটি রাজনৈতিক সিদ্ধান্ত ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি তাহলে জাতীয় পর্যায়েও গণতন্ত্রের বিকাশ হতে পারবে না।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক বলেন, রাজনীতিকরা আস্থা হারিয়ে ফেলেছেন। গণতান্ত্রিক ধারা অবশ্যই অব্যাহত রাখতে হবে।

সংসদের মেয়াদ চার বছর এবং প্রধানমন্ত্রীর দুইবারের বেশি দায়িত্ব পালন করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

এসবিডিএস’র চেয়ারম্যান ড. মোহাম্মদ ওসমান গণি আলোচনা সভায় সমন্বয় করেন।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, ড. গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এম আসাদুজ্জামান, ড. এমএ মান্নান, আব্দুল লতিফ মল্লিক এবং সাদেক সিদ্দিকী।