২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে আটককৃতদের জেল হাজতে প্রেরণ: সড়ক ও জলপথ অবরোধ স্থগিত

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনা বাহিনী কর্তৃক আটক একজন ইউপি সদস্য এবং অপর একজন স্কুল শিক্ষককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এদিকে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকাবাসী এরআগে বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও জলপথ অবরোধের যে কর্মসূচি দেয়, রোববার পর্যন্ত তা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। 

তবে আটককৃতদের অস্ত্র রাখার সন্দেহে সেনা সদস্যরা আটক করলেও ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখানোয় এলাকাবাসীদের মনে দেখা দিয়েছে কৌতুহল। 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক শীর্ষ স্থানীয় নেতা বিডিনিউজকে জানান, আটককৃতদের আগামী  রোববারে আদালতে তোলার পর আদালত কি সিদ্ধান্ত দেয়, তার ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি  দেওয়া হবে।

দুর্গম বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দু ঘাট এলাকায় গত বুধবার গভীর রাতে অস্ত্র রাখার অভিযোগে সেনা সদস্যরা মারিশ্যা ইউপি সদস্য সুমন চাকমা (৩৫) ও রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রগতি চাকমাকে (৩২) আটক করে।