২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি’র বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মান্নান ভূঁইয়া’র অসন্তোষ

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) বিভিন্ন প্রকল্পের হতাশাজনক অগ্রগতি, দীর্ঘদিন প্রকল্প ঝুলে থাকা এবং দখল হওয়া খাল উদ্ধারের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মন্ত্রী সভায় কাজ শেষ হওয়া প্রকল্পের ঠিকাদারদের বকেয়া বিলের অর্থ দ্রুত ছাড় এবং কাজ শুরু করেনি এমন ঠিকাদারদের অনুমতিপত্র বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত এডিবি পর্যালোচনা সভায় মন্ত্রী মান্নান ভূঁইয়া এসব ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন।

সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ (এলজিআরডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ(ইআরডি), পরিকল্পনা কমিশন, চার সিটি মেয়র, ঢাকা ওয়াসার কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র আরো জানায়, ডেমরার ডিএনডি বাঁধ এলাকায় অবৈধ স্থাপনার কারণে পানি দূষিত হওয়ার বিষয়ে মন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসব স্থাপনা উচ্ছেদে প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়ার জন্যও তিনি পরামর্শ দেন।

ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টির কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ঢাকা মহানগরীতে ইতোমধ্যে দখল হয়ে যাওয়া ১৫টি খাল উদ্ধার করা হয়েছে। এসব খালের মাধ্যমে মহানগরীর আটকে যাওয়া পানি নিষ্কাশন হয়। কিন্তু এই খালগুলো একেবারেই অকেজো হয়ে গেছে, পানি অপসারণ হচ্ছে না।

তিনি এর কারণ অনুসন্ধান এবং প্রয়োজনে আবারো পুলিশের সহায়তায় নতুন করে উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন। তিনি ঢাকার হাতির ঝিল দখল ও মাটি ভরাটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দেওয়া ঢাকার বর্জ্য পানি সংরক্ষণাগারটি ‘স্টার্ম্প ওয়াটার প্লেস’ র‌্যাবকে না দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, এতে মহানগরীকে নতুন করে জটিলতার মুখে পড়তে হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র তৈরী করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতে হবে।

সভা সূত্র জানায়, এতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি ‘পানি সংশোধনাগার’ স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে প্রয়োজনীয় অর্থ ছাড় করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন সিটি করপোরেশন এলাকার জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

এতে সব প্রকল্পের শতভাগ অগ্রগতির জন্য চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মন্ত্রী ধন্যবাদ জানান। রাজশাহীর মেয়র জানান, তার প্রকল্পগুলোর কাজ শতকরা ৮০ ভাগই শেষ হয়ে গেছে।

রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ‘আমলা নির্ভর’ সরকার চলছে বলে অভিযোগ করে বলেন, শহরের সড়কসহ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য ১৬ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ের একটি প্রকল্প দীর্ঘ নয় মাস ধরে আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে রয়েছে।

খুলনার মেয়র তৈয়েবুর রহমান খুলনা শহর রক্ষায় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে খুলনা মহানগরীতে বর্তমানে দেড় হাজার ফুটের ওপরে কোনো ভালো পানি পাওয়া যায় না। ফলে নগরীর জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তিনি সেখানে পানি সংশোধনাগার স্থাপনের দাবি জানান।

এ সময় মন্ত্রী মংলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জমি দখল করে অবৈধ চিংড়ি চাষীদের উচ্ছেদের নির্দেশ দেন।

তবে মন্ত্রী ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নে মন্থর গতিতে অসন্তোষ প্রকাশ করে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এছাড়াও ওয়াসার বোতলজাত পানি বাজারজাত করার বিষয়ে সভায় আলোচনা হয়।