২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা - বাউচার বৈঠক: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এজন্য তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ. বাউচার বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার এক ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। 

সুধাসদনে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশের আর্থ - সামাজিক ও সার্বিক রাজনৈতিক অবস্থা, জঙ্গিবাদি তৎপরতাসহ আইন - শৃংখলা পরিস্থিতি, আগামী নির্বাচন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে শেখ হাসিনা আগামী নির্বাচনের ব্যাপারে তার দলের অবস্থানের কথা মার্কিন এ কর্মকর্তার কাছে তুলে ধরে বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে আমরা অবশ্যই নির্বাচনে অংশ নেব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পরিবেশ সৃষ্টির ব্যাপারে আমেরিকার কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠক শেষে বাউচার অপেক্ষমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলীয় নেতার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আমরা বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

তিনি জানান, যুক্তরাষ্ট্র এদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী। এক্ষেত্রে দলীয় পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নেই আমাদের। আমরা আশা করি আগামী নির্বাচনের ফলাফলে যেন এদেশের জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিরোধী দলীয় নেতা মার্কিন কর্মকর্তাকে ষ্পষ্টভাবে জানিয়েছেন, আমরা কারও করুণা চাইনা। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে। এ কারণেই তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আর এটি বাস্তবায়নে আমরা আলোচনারও বিরোধী নই। 

বৈঠকে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন কর্মকর্তাকে জানানো হয়েছে যে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিএনপি - জামাত জোটের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দলীয়করণ বড় ধরনের বাধা।

আওয়ামী লীগের পক্ষ থেকে ২১ আগষ্টের গ্রেনেড হামলা ও ১৭ আগষ্টের দেশব্যাপী বোমা - গ্রেনেড হামলাসহ জঙ্গি - সন্ত্রাসীদের হত্যা ও খুনের ঘটনার আবারও আন্তর্জাতিক তদন্ত এবং জঙ্গি তৎপরতা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও বন্ধের দাবি করা হয়।

মার্কিন কর্মকর্তা শেখ হাসিনার কাছে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান জানতে চান।

জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আর তারা গণতন্ত্রের জন্যই যুদ্ধ করছে। নির্বাচন ছাড়া ক্যু, অস্ত্র বা অন্য কোনো বিকল্প কোনো পন্থায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে না দেশের পুরনো এই দল। তিনি বাউচারকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন তথা জনগণ যেন অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তার ফলাফল পায়, তেমন পরিবেশ সৃষ্টির নিশ্চয়তা চায় আওয়ামী লীগ।