কিবরিয়া পরিবারের সঙ্গে বাউচারের সাক্ষাত
আমেরিকার দক্ষিন ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রিচার্ড এ বাউচার বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী ও গ্রেনেড হামলায় নৃশংসভাবে নিহত আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার ধানমন্ডির বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাতে রিচার্ড বাউচার কিবরিয়ার পরিবারকে জানিয়েছেন, যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডেরই বিরোধী তারা।
মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই সাবেক অর্থমন্ত্রীর পরিবারের পাশে আছে বলেও জানান তিনি।
সাক্ষাৎ শেষে রিচার্ড এ বাউচার সাংবাদিকদের বলেন, কিবরিয়ার পরিবারকে সহানুভূতি জানানোর পাশাপাশি তার কর্মময় জীবন নিয়ে কথা হয়েছে।
একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন এবং জঙ্গিবাদ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় বলে জানান তিনি।
বাউচার বলেন, বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বা জঙ্গিবাদ যাতে নির্বাচনের ওপর প্রভাব বিস্তার করতে না পারে সে দিকেও খেয়াল রাখতে হবে।
শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া সাংবাদিকদের বলেন, আমরা মার্কিন সহকারী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীকে জানিয়েছি, কী নৃশংসভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা যে এখনো ন্যায় বিচার পাইনি সেটাও বিশেষভাবে বলা হয়েছে। আর হত্যাকান্ডের বিচারের ক্ষেত্রে এই সরকারের যে সদিচ্ছার অভাব আছে সেটাও তাকে জানানো হয়েছে।
শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডঃ রেজা কিবরিয়া বলেন, আমার বাবার হত্যাকান্ডের বিচারের ক্ষেত্রে সরকার তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকারের আচরণ এবং কর্মকান্ডে হত্যাকান্ডের বিচার হওয়া কোন লক্ষ্মণ পওয়া যাচ্ছে না। তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে সবার আগে লেখা লেখি করার কারণেই আমার বাবাকে হত্যা করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে।
রেজা কিবরিয়া বলেন, আগামী নির্বাচনের ওপর জঙ্গি তৎপরতার কোন প্রভাব পড়বে কিনা সেটা নিয়েও মার্কিনরা চিন্তা করছে। তবে সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের দেশের মানুষ যদি সচেতন না হয় তবে শুধু বিদেশীদের মুখের দিকে তাকিয়ে থাকলে সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে না।
রেজা কিবরিয়া মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীকে আরো বলেছেন, আপনারা ঘন ঘন আসলে বেশী বেশী জঙ্গি ধরা হবে।
এই সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্টিসিয়া এ বিউটেনিস, রেজা কিবরিয়ার স্ত্রী রিনা সুলতানা কিবরিয়া ও ছেলে শোভন শাহ কিবরিয়া উপস্থিত ছিলেন।
