সংখ্যালঘুদের নির্বিঘ্ন ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেন শেখ হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আশংকা প্রকাশ করে বলেছেন, বিদেশী দাতা গোষ্ঠীকে খুশী রাখতে জোট সরকার আগামী নির্বাচনে মুসলমানদের শাঁখা - সিঁদুর পরিয়ে সংখ্যালঘু সাজিয়ে ভোট দেওয়ার চালাকি করতে পারে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে কোনো দুই নম্বরী চলবে না, সংখ্যালঘুদের নির্বিঘ্ন ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বুধবার ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত খুলনা জেলা ও খুলনা মহানগর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
সভায় তিনি আবারো সরকারের বিরুদ্ধে লুটপাট, দুর্নীতি, বিদেশে টাকা পাচার, জঙ্গি গোষ্ঠীকে মদদ দান ও নির্বাচনে কারচুপি চেষ্টার অভিযোগ করেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে সরকার ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এ টাকা জনগণের, কাজেই জনগণকেই এ টাকা উদ্ধার করতে হবে।
তিনি আরো বলেন, সরকার ঋণ নিয়ে দেশ চালাচ্ছে, আর বিদেশে টাকা পাচার করছে।
আওয়ামী লীগ প্রধান বলেন, খাদ্য ভবনে লোক নিয়োগে ৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ঘুষের বিনিময়ে তারা সরকারি চাকরিতে নিজেদের লোক ঢুকিয়েছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসই করা হয়েছে দলীয় লোকজনকে চাকরি দেওয়ার জন্য। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের করা হচ্ছে চাকরিচ্যূত।
তিনি বলেন, কথায় কথায় আওয়ামী লীগকে বলা হয় ভারতের দালাল। অথচ তারা ভারত থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী করছে।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আমি তার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্বরত থাকা অবস্থায় কি করে জঙ্গি, বোমাবাজ, সন্ত্রাসী, ফাঁসির আসামীদের রাজকীয় হালে সাব জেলে রাখা হয়েছে?
তিনি আবারো নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স দাবি করেন।
