২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ও পাকিস্তান তথ্য বিনিময় করতে সম্মত হয়েছে

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা একে - অপরের সাথে তথ্য বিনিময় করতে সম্মত হয়েছে। সার্কের বৈঠকে যোগ দিতে এসে মঙ্গলবার ঢাকায় দু দেশের পররাষ্ট্র সচিবরা আলাদাভাবে এক বৈঠকে এই সম্মতি জ্ঞাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ভারতের মুম্বাইয়ে বোমা হামলার ঘটনার পর এই প্রথম দুদেশের পররাষ্ট্র সচিবরা বৈঠকে বসলেন।

এক ঘণ্টাব্যাপী এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দু পক্ষ থেকেই জানানো হয়।

ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেন, সন্ত্রাসের ব্যাপারে আমাদের ঐকমত্য হয়েছে। এর ওপর ভিত্তি করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রাপ্ত সব তথ্যই দু দেশের মধ্যে বিনিময় হবে। ভবিষ্যতে দু দেশের ঘনিষ্ঠতার ব্যাপারেও তারা সম্মত হয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব রিয়াজ মোহাম্মদ খান সাংবাদিকদের কাছে তাদের দ্বিপাক্ষিক এ বৈঠকটিকে অনানুষ্ঠানিক এবং আন্তরিক বলে উল্লেখ করে বলেন, আমরা বর্তমানে কোন অবস্থানে রয়েছি এবং ভবিষ্যতে কোথায় যাবো Ñ সে ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। শান্তি প্রক্রিয়ার ব্যাপারে ভারতের দৃঢ় আন্তরিকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শান্তি প্রক্রিয়াই সমগ্র অঞ্চলের কল্যাণে একমাত্র যৌক্তিক সমাধান।

শান্তি প্রক্রিয়ার ব্যাপারে দুই পক্ষ গুরুত্ব আরোপ করলেও দ্বিপাক্ষিক আলোচনার ব্যাপারে কোনও তারিখ এখনও ধার্য করা হয়নি বলে জানা গেছে।

গত ১১ জুলাই ভারতের মুম্বাইয়ে ট্রেন ও রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই শতাধিক লোক নিহত হয়। এই ঘটনায় নতুন দিল্লি ও ইসলামাবাদের মধ্যকার দীর্ঘ অচলাবস্থার অবসানে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা অনেকটাই স্তিমিত হয়ে যায়।