২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএম কাদেরকে বহিষ্কারের দাবি জানালেন জাপা’র কয়েকজন সাংসদ

চারদলীয় জোটে যোগদানের বিরোধিতা করায় জাতীয় পার্টির (জাপা) কয়েকজন সাংসদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদেরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

দলীয় চেয়ারম্যান এরশাদের সাথে মঙ্গলবার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।

জিএম কাদের ও মজিবর রহমান ছাড়া দলের অন্য সব সাংসদই এতে উপস্থিত ছিলেন।

তবে কাদেরের সমর্থকরা এজন্য দলের প্রেসিডিয়াম সভা ডাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

কিন্তু এতে সাংসদদের ব্যক্তিগত কোনো মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়নি বলেও একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, এরশাদ সভায় তার চারদলে যোগ দেওয়ার প্রেক্ষাপট এবং বিগত দিনে তার ও তার দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরেন।

তিনি দলের সাংসদদের কাছে বিভিন্ন জেলায় দলের সাংগঠনিক অবস্থা এবং সাংসদদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বলেন, তিনি বিভিন্ন পত্রিকায় বিবৃতি দিয়ে দলের ক্ষতি করছেন। তাকে দল থেকে বহিস্কার করতে জোট ও দলের ভেতর থেকে চাপ রয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘আওয়ামী লীগকে ২১ বছর পর ক্ষমতায় আসার জন্য সমর্থন দিলেও তারা জাতীয় পার্টিকে টুকরো টুকরো করে দিয়েছে। বিগত দিনে সব সরকারই জাপা নেতাকর্মীদের ওপর অবিচার করেছে। এ অবস্থায় নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারসহ আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নিতে চারদলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি’।

চারদলীয় জোটে যোগদানে বিরোধিতার জন্য জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জাপা জোটে যোগ দিলে জামায়াতের আধিপত্য কমে যাবে। তারা চাপ দিয়ে নিজেদের কর্মসূচিগুলো সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। তাই তারা বিরোধিতা করছে। কিন্তু জাপা চার দলেই যাবে উল্লেখ করে তিনি বলেন, জাপা আওয়ামী লীগের সাথে গেলে জামায়াতের রাজনীতি শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেবে।

মতবিনিময়ে উপস্থিত একজন সাংসদ বিডিনিউজকে জানান, বৈঠকে এরশাদ কোনো সাংসদকেই তাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করার সুযোগ দেননি। তিনি তার নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন।

মামলা প্রত্যাহারের প্রক্রিয়া কি হবে এ ব্যাপারে তিনি সাংসদদের জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। সরকার তার ক্ষমতা ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এ ব্যাপারে জাপা সাংসদ গোলাম হাবিব দুলাল বিডিনিউজকে জানান, এরশাদ সাহেব চারদলীয় জোটে যোগদানের সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন। বৈঠকে আমরা তার সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছি।

দলের চেয়ারম্যানের বরাত দিয়ে তিনি জানান, আসন ভাগাভাগির ক্ষেত্রে বৃহত্তর রংপুরের ২২টির মধ্যে ১৮টি জাপা দাবি করবে। এর মধ্যে ১৩টি জাপা এবং চারটিতে আওয়ামী লীগ সাংসদ রয়েছে। তবে সমঝোতার ভিত্তিতেই আসন বন্টন হবে।