ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ শিবির কর্মী প্রহৃত, অতিরিক্ত পুলিশ মোতায়েন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে চার শিবির কর্মী প্রহৃত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় শিবির কর্মীরা রচনা প্রতিযোগিতার ফরম বিলির সময় ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনার পর সংঘাতের আশংকায় ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন হুমায়ুন, আলাউদ্দিন, শরীফ ও কাদের। প্রথম তিনজন দ্বিতীয় বর্ষের এবং কাদের তৃতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির কর্মী কাদের কলা ভবনের চার তলায় সাইকোলজি বিভাগে শহীদ আব্দুল মালেক ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতার ফরম বিলি করছিলেন। এ সময় ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা এসে তাকে বাধা দেয় এবং মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে আসে। অপর তিন শিবির কর্মীকে কলা ভবনের নিচের গেটে মারধর করা হয়।
এসময় তাদের কাছে নোটিশ বোর্ডে ঝোলানোর জন্য ইংরেজি, সাইকোলজি ও ভাষাতত্ত্ব বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর সংবলিত ফরম পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার খাওয়ার পর শিবির কর্মীরা মধুর ক্যান্টিনে গিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের কাছে ঘটনার বর্ণনা করে এর বিচার চান। তবে ফিরোজ এ কথা অস্বীকার করেছেন।
এ ঘটনার পর ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের কর্মীরা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সঙ্গে দেখা করে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। এ নিয়ে ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
