২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে প্রার্থী হবো না, দলের জন্যে কাজ করবো: ঢাকায় পৌঁছে জয়

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তবে দলের জন্যে নির্বাচনী কাজ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

আমেরিকা থেকে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

আমেরিকা প্রবাসী সফটওয়্যার প্রকৌশলী জয় বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে আমার নেই। তবে আমি আওয়ামী লীগের জন্য কাজ করবো। মাকে সহায়তা করবো।

রংপুরের নেতা কর্মীরা তাকে প্রার্থী হিসেবে চায় -- এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, রংপুর আমার নিজের এলাকা। দলের পক্ষে নির্বাচনী কাজ করতে আমি সেখানে যাবো।

বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ব্যাপারে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। র‌্যাবকে দিয়ে ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। সভ্য দেশে এমনটা হতে পারে না।

বাংলাদেশে অবস্থানের সময় তিনি টুঙ্গিপাড়া এবং রংপুর যাবেন বলে সূত্র জানিয়েছে। 

মা শেখ হাসিনা, খালা শেখ রেহানা, খালাতো ভাই ববি ছাড়াও জয়কে স্বাগত জানাতে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফরুল্লাহ্ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি, ডা: দিপুমনি, সাবেক সাংসদ আলহাজ্ব রহমত উল্লাহ্, আলহাজ্ব মকবুল হোসেন ও হাজী মোহাম্মদ সেলিম, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী বিমান বন্দরে উপস্থিত ছিলেন।