২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী সেতু নির্মাণকাজের অচলাবস্থায় দাতা ও বিনিয়োগকারীরা উদ্বিগ্ন: নোমান

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কর্ণফুলী সেতু নির্মাণকাজের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দাতাগোষ্ঠি ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে অনাগ্রহী হয়ে উঠতে পারে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ  বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহীউদ্দিন চৌধুরীর বিরোধিতার ফলে দাতাগোষ্ঠি এবং  বিনিয়োগকারীদের মধ্যে ইতিমধ্যেই অনাগ্রহ  দেখা দিয়েছে।

কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতুর পরিবর্তে পিলার ভিত্তিক সেতু নির্মাণের প্রতিবাদে মেয়রের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণার পর মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

‘মেয়র তুচ্ছ রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য চট্টগ্রামের উন্নয়ন কাজের বিরোধিতা করছেন’ বলে তিনি উল্লেখ করেন।

কর্ণফুলীতে অত্যাধুনিক সেতু নির্মাণ করার পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান বলেন, এটি হবে দেশের সবচেয়ে অত্যাধুনিক একটি সেতু।

তিনি বলেন, ঝুলন্ত সেতুর সাথে ভারসাম্যপূর্ণ একটি সেতু নির্মাণের পরিকল্পনা বুয়েট ও নদী গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের বর্তমান পরিকল্পনা অনুসারে পিলারভিত্তিক সেতু নির্মাণের ফলে নৌ চ্যানেলের কোনো ক্ষতি হবে না এবং এতে নদীতে পলি জমার মাত্রাও এক শতাংশের বেশি হবে না। 

তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের এক কোটি লোকের দাবি এই সেতু বাস্তবায়ন; আর মেয়রের মূল উদ্দেশ হচ্ছে, এ কাজে বাধা দেওয়া।

তিনি আরো বলেন, সেতু র্নিমাণে কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টির তৎপরতা চট্টগ্রামের জনগণ মেনে নেবে না।

মন্ত্রী ওই সেতু নিয়ে রাজনীতি না করার জন্য মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহীউদ্দিন চৌধুরীর প্রতি আহ্বান জানান।

ঝুলন্ত সেতুর পরিবর্তে পিলার ভিত্তিক সেতু নির্মাণের বিরোধিতা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আগামী ৫ আগস্ট লালদীঘি ময়দানে এক সমাবেশের আয়োজন করেছেন।

অন্যদিকে একই দিন শাহ আমানত ব্রিজের কাছে কর্ণফুলী সেতু বাস্তবায়ন কমিটি আরেকটি সমাবেশের আয়োজন করেছে।

এছাড়া মেয়র ঝুলন্ত সেতু নির্মাণের ব্যাপারে বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে আগামী ৩ আগস্ট ঢাকায় যাচ্ছেন।