২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপোসহীন নেত্রী এখন এরশাদের সঙ্গে আপোস করছেন: শেখ হাসিনা

সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, আপোসহীন নেত্রী এখন তার স্বামী হত্যাকারী এরশাদের সঙ্গে আপোস করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বর্তমান প্রধানমন্ত্রীকে দেখে শেক্সপিয়ারের প্রধান চরিত্র লেডি ম্যাকব্যাথের কথা মনে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রকাশ্য জনসভায় যিনি এরশাদকে স্বামী হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন তিনিই আজ সেই হত্যাকারীর সঙ্গে জোট বাঁধতে যাচ্ছেন। আর তার ছেলে তার পিতা হত্যাকারীর হাতে - পায়ে ধরে জোটে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে সোমবার তার ধানমন্ডির কার্যালয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং নড়াইল জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, চারদলীয় জোট যদি দেশে এতই উন্নয়নের জোয়ার সৃষ্টি করে তবে নির্বাচন নিয়ে তাদের আত্মবিশ্বাসের এত অভাব কেন। কেন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এবং নির্বাচনকে দলীয়করনের চেষ্টা করতে হবে, কেনই বা এরশাদকে জোটে ঢোকাতে হবে ও ভোট কেনার জন্য দুর্নীতির মাধ্যমে এত কালো টাকা সংগ্রহ করতে হবে।

বাজারে চাল - ডাল - তেল নুনসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে হাওয়া ভবনের পাওনা বুঝে পাওয়ার পর এ ভবন থেকে সিন্ডিকেটের নেতৃত্ব দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এ ভবন দেশের ২ লাখ ৮৪ হাজার কোটি টাকা লুট করেছে।

তিনি বলেন, জাতীয়তাবাদী - জামাত সরকার ক্ষমতায় এসে সাধারণ মানুষকে ১০ টাকার চাল ২০ টাকায় খেতে বাধ্য করেছে। আবার ক্ষমতায় এলে এরা সাধারণ মানুষকে ৪০ টাকা কেজিতে চাল খেতে বাধ্য করবে।  

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এরা চুরি ও জালিয়াতি করে ক্ষমতায় আসে বলেই সমাজের নৈতিকতা বোধ নষ্ট করে দিচ্ছে, লজ্জা উঠিয়ে দিচ্ছে। দুর্নীতি ও চুরি করে তারা ঠাঁট - বাট দেখাতেও কোন লজ্জা পায় না।

তিনি বলেন, এদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে।

জনগণকে ভোটাধিকারের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যে কোন উপায়ে ভোট চোরাদের ঠেকাতে হবে। প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে যার যার ভোট রক্ষা করতে হবে।

বর্তমান সরকারের কর্মকান্ড উল্লেখ করে তিনি বলেন, এদের কারণে দুর্নীতিতে, নারী নির্যাতন এবং শিশু নির্যাতনে বাংলাদেশ এখন বিশ্বে এক নম্বর দেশ।