২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বে আস্থা না থাকলে চলে যান, দলে থেকে ক্ষতি করবেন না: এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলে তার সিদ্ধান্তবিরোধী নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, জাপার জন্য আমি সব হারিয়েছি। আমার নেতৃত্বে আস্থা না থাকলে দল ছেড়ে চলে যান। দলে থেকে দলের ক্ষতি করবেন না। চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সোমবার জাতীয় পার্টি আয়োজিত বিভিন্ন জেলা ও উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কুমিল্লা উত্তর ও দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মতবিনিময়ে যোগ দেন।

বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যের সমালোচনা করে জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, আমি চোর নই। চোর হলে আমার নামে রাজপ্রাসাদ থাকতো। আমি বঙ্গভবন বা গণভবন আমার নামে লিখে নেইনি। আমার বিরুদ্ধে দুর্নীতির যেসব মামলা রয়েছে এসবেরও কোনো ভিত্তি নেই। কিন্তু মিগ ও ফ্রিগেট কেনা নিয়ে আপনারা কি করেছেন তা আমরা জানি।

জিয়া হত্যাকান্ডে তাকে জড়িয়ে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যের সমালোচনা করে এরশাদ বলেন, আমি জিয়াকে হত্যা করিনি। আমি অকৃতজ্ঞ নই। জিয়াই আমাকে সেনাবাহিনীর প্রধান করেছেন। তাই তাকে আমি হত্যা করতে পারিনা। তাকে হত্যা করেছে কতিপয় সেনাসদস্য। তাদের শাস্তি দেওয়া হয়েছে। বেগম জিয়াও কখনো আমাকে জিয়া হত্যায় জড়িয়ে কোনো বক্তব্য দেননি।

তিনি বলেন, আমি জেলে থেকেও জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ২১ বছর পর ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা আমার দলকে ভেঙ্গে টুকরো টুকরো করেছে। মঞ্জু আর মঞ্জুর আমার সাথে থাকলে জাপা আজ এক নম্বর দলে থাকতো। ২০০১’র নির্বাচনে প্রতীক নিয়ে জটিলতার কারণে আমরা কাজ করতে পারিনি। কাজ করতে পারলে জাপা ১৪টি নয় ৬৪টি আসন পেতো।

তিনি বলেন, দল থেকে কেউ চলে গেলে দল ভাঙ্গে না। আওয়ামী লীগও পাঁচবার এবং বিএনপি কয়েকবার ভেঙ্গেছে। এতে দলের কোনো ক্ষতি হয়নি। তাই জাপারও কোনো ক্ষতি হবে না।

তিনি বলেন, জাপা’র মূল শক্তি এরশাদ, যেমন বিএনপি’র খালেদা জিয়া।

আগামী নির্বাচনে জোটে যাওয়া প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের সাথে আমাদের আদর্শগত মিল নেই। জাপা জাতীয়তাবাদ ও ইসলামের রাজনীতি করে, আর তারা করে সেক্যুলারিজমের রাজনীতি। তারা ক্ষমতায় আসলে আবারো ৭২’র সংবিধান কায়েম করবে। সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হবে। আমরা এটা হতে দিতে পারি না।

বিএনপির সাথে জোটে যাওয়ার ব্যাপারে আলোচনার কথা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, নয় বছর রাষ্ট্রপতি ছিলাম, আমার আর চাওয়ার কিছু নেই। জাপাকে ক্ষমতার অংশীদার দেখতে চাই। বিএনপির সাথে আলোচনা হয়েছে, এখনো কিছু চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে অচিরেই সমঝোতা হবে। কিন্তু এতেই বিরোধী দল ‘পাগল’ হয়ে গেছে।

অনুষ্ঠানে জাপা সংসদীয় দলের নেত্রী রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বক্তব্য রাখেন।

এতে জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকর্মী মাত্র দু’ মিনিট করে আলোচনার সুযোগ পান। সময় সংক্ষিপ্ততার কারণে অনেকেই বক্তব্যের সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে বক্তব্যের সুযোগ পাওয়া প্রায় সকল নেতাকর্মীই এরশাদের চারদলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত: জানান।