হিজড়া ও বেদে সম্প্রদায়ের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ভাবনা
হিজড়া ও ভবঘুরে যেমন বেদে সম্প্রদায়ের ভোটাধিকারের বিষয়টি অবশেষে নির্বাচন কমিশনের গোচরীভূত হয়েছে।
নির্বাচন কমিশন সচিব রোববার বলেছেন, চলমান ভোটার তালিকা হালনাগাদের সময় সাধারণভাবেই তাদের কথা বিবেচনা করা হবে।
নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকারের মতে, হিজড়ারা তাদের নাম তালিকাভূক্তি অথবা বিদ্যমান তালিকা থেকে নাম সংযোজন বা কর্তনের মাধ্যমে চলমান হালনাগাদে অংশগ্রহণ করতে পারবে।
যেহেতু তারা মেয়েও না আবার ছেলেও না, সে কারণে তালিকায় কি হিসেবে তাদের চিহ্নিত করা হবে এই প্রশ্নের উদ্রেক হওয়া খুবই স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যেহেতু তারাও সমাজের একটি অংশ, সে কারণে অন্য নাগরিকের মতো তাদেরও ভোটাধিকারের পূর্ণ অধিকার রয়েছে।
তিনি বলেন, ভোটার তালিকার বিষয়ে হিজড়াদের মধ্যে যারা পুরুষ নাম ব্যবহার করে তাদের পুরুষ হিসেবে বিবেচনা করা হবে, অপরদিকে নারী নাম ব্যাবহারকারীদের নারী হিসেবে বিবেচনা করা হবে।
বেদে সম্প্রদায়ের বিষয়ে সরকার বলেন, বেদেদের প্রত্যেকটি উপ-দলকে তাদের জন্মস্থানের বাসিন্দা হিসেবে বিবেচনা করা হবে।
তিনি বলেন, যদিও বেদে জনগোষ্ঠী এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায় এবং দেখা যায় যে তাদের স্থায়ী কোন ঠিকানা নেই, কিন্তু প্রত্যেকটি উপ-দলের একটি করে জন্মস্থান রয়েছে, যেখানে তারা ভোটার হিসেবে তালিকাভূক্ত হতে পারে।
যদিও নির্বাচন কমিশন সচিব ওই দুই সম্প্রদায়ের ভোটারদের কোনো সঠিক সংখ্যা সরবরাহ করতে পারেননি।
